কলোম্বো, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- শ্রীলংকার তামিল টাইগার বিদ্রোহিরা প্রথমবারের মতো তাদের নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর কথা স্বীকার করেছে। টাইগারদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের অতুলনীয় নেতা শহীদ হয়েছেন। বিবিসি'র সাংবাদিক চার্লস হাভিল্যান্ড একথা জানিয়েছেন।
বিবৃতিতে পরাজিত দল লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র আন্তর্জাতিক সম্পর্ক শাখার প্রধান সেলভারাজা পাথমানাথনের স্বাক্ষর রয়েছে। বিবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, " ১৭ মে প্রভাকরণের মৃত্যু হয়েছে। তবে তিনি প্রভাকরণের মারা যাওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।"
পাথমানাথন আরও বলেন, টাইগাররা এখন তামিলদের অধিকার আদায়ে অহিংস পন্থায় লড়বে।
তামিল টাইগারদের এই স্বীকারোক্তির আগে শ্রীলংকার সেনাবাহিনী গত সপ্তাহে একটি মৃতদেহের ছবি প্রকাশ করে তা প্রভাকরণের বলে জানায়। প্রভাকরণ পালানোর সময় তাকে হত্যা করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৯ ঘ.
bdnews24