নয়াদিল্লি, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বামপন্থি মিত্রদের কাছ থেকে চাপমুক্ত হয়ে ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন নতুন জোট সরকার খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহায়তা চুক্তি করার দিকে এগোতে পারে। এ পদক্ষেপ এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে সহায়ক হবে।
লজিস্টিক্স সাপোর্ট এগ্রিমেন্ট (এলএসএ) নামের এ চুক্তি প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে ভারত সরকারের সিদ্ধান্তহীনতার কারণে। এ চুক্তি হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমানসহ অন্যান্য সামরিক যানবাহন ভারতের সমুদ্র বন্দর ও বিমান ঘাঁটিগুলোতে জ্বালানি নেওয়া, রক্ষণাবেক্ষণ ও মেরামতি কাজের সুযোগ সুবিধা পাবে। একইভাবে ভারতও যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই সুবিধা পাবে।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গত মেয়াদে ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারকে সমর্থন দেওয়া বামপন্থিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তির বিরোধিতা করেছিল। তাদের দাবি ছিল, এ চুক্তি হলে ভারতের সামরিক ঘাঁটি ও সমুদ্র বন্দরগুলো এ অঞ্চলে এককভাবে অভিযানে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর স্থায়ী ব্যবহারের আখড়ায় পরিণত হবে।
প্রথাগতভাবে যুক্তরাষ্ট্রের বিরোধিতাকারী বামপন্থিরা দেশটির সঙ্গে কোনো ধরনের কৌশলগত জোটের বিপক্ষে। ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু সহায়তা চুক্তির বিরোধিতা করে ইউপিএ জোট সরকারের ওপর থেকে গত বছর সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল ভারতের বামপন্থি দলগুলো।
কিন্তু এ মাসের সাধারণ নির্বাচনে বিপুল বিজয় নিয়ে বামপন্থিদের সমর্থন ছাড়াই শক্তিশালী সরকার গঠন করতে পারায় প্রধানমন্ত্রী মনমোহনকে আর বামপন্থিদের চাপের নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না।
মনমোহন সিং এর জোট শুক্রবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ভারত সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "প্রথমেই আমরা নজর দেবো এমন কয়েকটি কাজের একটি এটি।"
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজগুলো বেশ কিছুদিন ধরেই প্রতিটির জন্য আলাদা আলাদা অনুমতির ভিত্তিতে ভারতের সমুদ্রবন্দর ব্যবহার করছে। এ চুক্তি হলে তা একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনায় আসবে মাত্র।
তিনি বলেন, ভারত-যুক্তরাষ্ট্র 'এলএসএ' চুক্তি নিয়ে বামেদের বিরোধিতা অহেতুক। এতে ভীতির কিছু নেই এবং এটি একটি সাধারণ সহযোগিতামূলক ব্যবস্থা। ৫০টিরও বেশি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি রয়েছে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও শ্রীলংকাসহ অন্যান্য দেশের সঙ্গেও যুুক্তরাষ্ট্র এ চুক্তি করতে চেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫৫ ঘ.
bdnews24