২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে ১৮ মার্কিন সেনা এইচ১এন১ ফ্লু'তে আক্রান্ত

কুয়েতে মার্কিন সেনা ঘাঁটির ১৮ সেনা সদস্য এইচ১এন১ ফ্লু'তে আক্রান্ত হয়েছে। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সোয়াইন ফ্লু হিসেবে পরিচিত এই ভাইরাস সংক্রমণের এটাই প্রথম ঘটনা। কুয়েতের সরকারি কর্মকর্তারা রোববার একথা নিশ্চিত করেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 06:29 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

কুয়েত, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কুয়েতে মার্কিন সেনা ঘাঁটির ১৮ সেনা সদস্য এইচ১এন১ ফ্লু'তে আক্রান্ত হয়েছে। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সোয়াইন ফ্লু হিসেবে পরিচিত এই ভাইরাস সংক্রমণের এটাই প্রথম ঘটনা। কুয়েতের সরকারি কর্মকর্তারা রোববার একথা নিশ্চিত করেছেন। (আরও তথ্যসহ) কুয়েতি কর্মকর্তা ইব্রাহিম আল-আবদুলহাদি রয়টার্সকে বলেন, "সেনারা দেশ থেকে সেনাঘাঁটিতে (কুয়েতের) আসার সময়ই তাদের মধ্যে ভাইরাসটি সনাক্ত করা হয়েছে।" এর আগে শনিবার কুয়েতের বার্তা সংস্থা কুনা সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় অজ্ঞাত সংখ্যক মার্কিন সেনার মধ্যে এ ভাইরাস সনাক্ত করা হয়েছে। রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে কুয়েত সরকারের। যুক্তরাষ্ট্রের কুয়েত দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা অবগত যে বিদেশে নিয়োজিত মার্কিন সেনাদের মধ্যে এইচ১এন১ ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের খবর পাওয়া গেছে। এদের মধ্যে কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ট্রানজিট হয়ে যাওয়া সেনারাও রয়েছে।" বার্তা সংস্থা কুনায় প্রচারিত ওই বিবৃতিতে আরও বলা হয়, "তারা (সেনারা) কুয়েতি জনগণের সংস্পর্শে আসেনি।" ইরাকে মার্কিন সেনাদের সহায়তার জন্য কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক সামরিক ঘাঁটি রয়েছে। এর আগে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে এইচ১এন১ ফ্লু'তে আক্রান্ত আশঙ্কায় কানাডা থেকে আসা এক বিমান যাত্রীকে আলাদা করে রেখেছে তারা। এখন পর্যন্ত বিশ্বের ৪২টি দেশে প্রায় ১১,০০০ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা ৮৬ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে বিশ্বজুড়ে এ ভাইরাসের বিস্তার বাড়তে থাকলে মহামারী সতর্কতার মাত্রা একধাপ বাড়িয়ে সর্বোচ্চ মাত্রা ৬ এ নিয়ে যেতে দ্বিধা করবেন না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৪০ ঘ.