২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতের প্রধান শহরে তালেবানদের ওপর বোমাবর্ষণ চলছে

পাকিস্তানের সেনাবাহিনী শনিবার সোয়াত উপত্যকার প্রধান শহর মিঙ্গোরায় ঢুকে পড়ার পর তালেবানদের ওপর হামলা জোরদার করেছে। রোববার ওরাকজাই জাতিগত পশতুন এলাকায় তালেবানদের ওপর জঙ্গি বিমান থেকে বোমাবর্ষণ করেছে সেনারা। এতে অন্ততপক্ষে ৭ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ইসলামাবাদ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সেনাবাহিনী শনিবার সোয়াত উপত্যকার প্রধান শহর মিঙ্গোরায় ঢুকে পড়ার পর তালেবানদের ওপর হামলা জোরদার করেছে। রোববার ওরাকজাই জাতিগত পশতুন এলাকায় তালেবানদের ওপর জঙ্গি বিমান থেকে বোমাবর্ষণ করেছে সেনারা। এতে অন্ততপক্ষে ৭ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। বিবিসি জানায়, সেনারা মিঙ্গোরার কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। মিঙ্গোরা ঘেরাও হয়ে গেছে এবং জঙ্গিদের বেশিরভাগ গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। মিঙ্গোরায় সাংবাদিকদের ঢুকতে না দেওয়ায় এ দাবির সত্যাসত্য যাচাই করা যায়নি। সেনাবাহিনী রোববার ওরাকজাই এলাকায় একদল তালেবানের ওপর অভিযান চালায়। তারা আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তিানে সেনাদের সঙ্গে লড়াই করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নিরপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে। ওই অঞ্চলের প্রধান শহরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ইয়াসিন খান বলেছেন, "জঙ্গি বিমান থেকে তিনটি গ্রামে কয়েক ঘন্টা ধরে জঙ্গি আস্তানাগুলোতে কয়েক দফা বোমাবর্ষণ করা হয়েছে।" তিনি রয়টার্সকে বলেন, " আমরা ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছি। তবে নিহতের সংখ্যা আরও বেশি হবে। কারণ, সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুলভাবে হামলা চালানো হয়েছে।" পাকিস্তানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে ওঠা তালেবানদের বিস্তার ঠেকাতে সোয়াত ও এর আশেপাশের জেলাগুলোতে এ মাসে অভিযান শুরু করে সেনাবাহিনী। এরপর সোয়াত ও এর আশপাশের অনেক জায়গা থেকে তালেবানদের বিতাড়িত করেছে সেনাবাহিনী। কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, তালেবানরা আবার ফিরে আসতে পারে। সরকার জানিয়েছে, সোয়াতে অভিযান শেষ হওয়ার পর দেশের অন্যান্য অংশে অভিযান শুরু করা হবে। জাতিসংঘ পাকিস্তানে দীর্ঘমেয়াদী মানবিক সংকটের ব্যাপারে সতর্ক করে দিয়ে সেনা অভিযানে বাস্তুচ্যুত হওয়া প্রায় ১৭ লাখ মানুষ এবং এরও আগে লড়াইয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়া প্রায় ৫ লাখ ৫৫ হাজার মানুষের জন্য বিপুল পরিমাণ সাহায্যের আবেদন জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৯ ঘ.