২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে হত্যা

মার্কিন ও আফগান বাহিনী দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে চারদিন ধরে অভিযান চালিয়ে ৬০ জঙ্গিকে হত্যা এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে। জঙ্গিদের অর্ধেকই নিহত হয়েছে বিমান হামলায়। মার্কিন সেনাবাহিনী শনিবার এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 11:01 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

কাবুল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন ও আফগান বাহিনী দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে চারদিন ধরে অভিযান চালিয়ে ৬০ জঙ্গিকে হত্যা এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে। জঙ্গিদের অর্ধেকই নিহত হয়েছে বিমান হামলায়। মার্কিন সেনাবাহিনী শনিবার এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনী এর আগে এই অভিযানে ৩৪ জনের নিহত হওয়ার কথা জানিয়েছিল। যৌথ এই অভিযানের লক্ষ্য ছিল হেলমান্দের মারজেহ শহরের লয় ছেরাহ বাজারের নিয়ন্ত্রণ গ্রহণ করা। এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনারা সেখানে ৭৫ টন পপি বীজ, ১৭ টনেরও বেশি মরফিন, আফিম ও হেরোইন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে। বিশ্বের মোট আফিমের ৯০ শতাংশেরও বেশি উৎপাদন করা হয় আফগানিস্তানে। এর বেশিরভাগই হয় তালেবান নিয়ন্ত্রিত দেশটির দক্ষিণাঞ্চলে। মার্কিন সেনাকর্মকর্তাদের হিসাবমতে আফিম-বাণিজ্য করে তালেবানরা বছরে আট থেকে ৪০ কোটি ডলার পর্যন্ত আয় করে। এই বাণিজ্য বন্ধ করাও আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের একটি লক্ষ্য। তারা মাদক চাষ বন্ধ করতে পপি ক্ষেত ধ্বংসেরও অভিযান চালায়। বিবৃতিতে জানানো হয়েছে, মাদক তৈরি ও অন্যান্য পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি ভবনের ওপর বিমান হামলায় নিহত হয় ২৯ জন। যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার তৈরির প্রেসার প্লেট, গুলিরাখার ভেস্ট যা সুইসাইড ভেস্টে পরিণত করা যায় এবং ২৭ টন অ্যামোনিয়াম নাইট্রেট ও বিস্ফোরক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৪ ঘ.