কাঠমাণ্ডু, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের রাজধানী কাঠমাণ্ডুর কাছে একটি গির্জায় বোমা বিস্ফোরণে শনিবার কমপক্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দশ বারোজন। পুলিশ একথা জানিয়েছে।
মাওবাদী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড'র পদত্যাগের মধ্য দিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে শনিবার দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের মাত্র কয়েকঘণ্টা আগে এ ঘটনা ঘটল।
সেনাপ্রধানকে বরখাস্ত করার প্রধানমন্ত্রীর নির্দেশ প্রেসিডেন্ট রামবরণ যাদব রহিত করে দিলে পদত্যাগ করেন প্রচণ্ড। প্রায় তিন সপ্তাহ আগে প্রচণ্ড'র পদত্যাগে নেপালে মারাত্মক রাজনৈতক অনিশ্চয়তার আশঙ্কা দেখা দিয়েছে।
কাঠমাণ্ডুর মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে ললিতপুরের ধোবিঘাট উপশহরের একটি গির্জায় ওই বিস্ফোরণ ঘটে।
পুলিশ সুপারিনটেনডেন্ট কেদারমান সিং ভান্ডারি রয়টার্সকে জানান, "আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।"
পুলিশ বিস্তারিত আর কিছু জানায়নি এবং কেউ এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি।
হিন্দু-সংখ্যাগরিষ্ঠ নেপালে সংখ্যালঘু খ্রিষ্টানদের সঙ্গে সহিংসতার তেমন কোনো ইতিহাস নেই। তবে গত গত বছর কাছাকাছি এক ঘটনায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে ২ জন নিহত হয়েছিল। নেপাল ডিফেন্স আর্মি নামের অল্প পরিচিত একটি সংগঠন ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৩৯ ঘ.
bdnews24