ইসলামাবাদ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে সোয়াত উপত্যকায় তালেবান বিরোধী সেনা অভিযানে বাস্তুচ্যুত ২০ লাখেরও বেশি মানুষের জন্য শুক্রবার ৫৪ কোটি ৩০ লাখ ডলারের আবেদন জানিয়েছে জাতিসংঘ।
পাকিস্তানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে ওঠা তালেবানদের বিস্তার ঠেকাতে সোয়াত ও এর আশেপাশের জেলাগুলোতে এ মাসে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
জাতিসংঘ পাকিস্তানে দীর্ঘমেয়াদী মানবিক সংকটের ব্যাপারে সতর্ক করে দিয়ে সেনা অভিযানে বাস্তুচ্যুত হওয়া প্রায় ১৭ লাখ মানুষ এবং এরও আগে লড়াইয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়া প্রায় ৫ লাখ ৫৫ হাজার মানুষের জন্য বিপুল পরিমাণ সাহায্যের আবেদন জানিয়েছে।
জাতিসংঘের ভারপ্রাপ্ত মানবিক ত্রাণ সমন্বয়ক মার্টিন মোগওয়াঞ্জা কূটনীতিক ও সাংবাদিকদের বলেছেন, "অস্বাভাবিকরকম দ্রুততায় বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এতে করে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বছর ডিসেম্বরের শেষ নাগাদ আমাদের মোট ৫৪ কোটি ৩০ লাখ ডলার (৫৪৩ মিলিয়ন ডলার) প্রয়োজন।"
পাকিস্তানের মিত্রদেশগুলো ২২৪ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি দেওয়ার একদিন পর জাতিসংঘ এ আবেদন জানাল। এর মধ্যে যুক্তরাষ্ট্র দেবে ১১০ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫২.
bdnews24