ওয়াশিংটন, মে ২২ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--কিউবার গুয়ান্তানামো বে বন্দিশিবিরের কিছু বন্দিকে যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার একথা বলেছেন। এর মধ্য দিয়ে কংগ্রেসের ঘোর আপত্তির মুখেও আন্তর্জাতিকভাবে নিন্দিত গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবির বন্ধের পরিকল্পনায় অটল মনোভাব দেখালেন ওবামা।
ওবামার বক্তব্যের বিপরীত এক মন্তব্যে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, বুশ আমলের বন্দি-নীতি পাল্টানোর যে চেষ্টা ওবামা নিয়েছেন, তা "মানবিক অধিকারের অজুহাতে অপরিণামদর্শীতারই নামান্তর। এতে করে যুক্তরাষ্ট্র আরও অনিরাপদ হয়ে পড়বে।"
গুয়ান্তানামোয় ২৪০ জন সন্দেহভাজন সন্ত্রাসীর ভাগ্য নির্ধারণ নিয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ না করা পর্যন্ত ওই বন্দিশিবির বন্ধের জন্য প্রয়োজনীয় তহবিল একদিন আগেই আটকে দিয়েছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। এরপরও বন্দিশিবির বন্ধের পরিকল্পনা থেকে সরে আসেননি ওবামা।
'ন্যাশনাল আর্কাইভস' এ ৫০ মিনিটের ভাষণে ওবামা বলেন, "আমাদের সামনে এটিই সবচে কঠিন ইস্যু।" বিশ্বে যুক্তরাষ্ট্রের নৈতিকতার মানদণ্ড ক্ষুন্নকারী আইনি 'বিশৃঙ্খলা' বুশ প্রশাসনের কাছ থেকে তার কাঁধে এসে পড়েছে বলে ওবামা উল্লেখ করেন।
২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর প্রথম দিন থেকেই ওবামা গুয়ান্তানামো বন্ধিশিবির বন্ধের অঙ্গীকার করে আসছেন। কিউবার গুয়ান্তানামো বে'র এই বন্দিশিবির নিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের হৃত ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় একবছরের মধ্যেই এটি বন্ধ করে দিতে চান ওবামা।
ওবামার প্রতি জনসমর্থনের কমতি না হলেও তার নতুন ধারার সন্ত্রাসী আটক ও জেরা পদ্ধতি বাস্তাবায়ন করার চেষ্টা সহযোগীরা যা ধারণা করেছিলেন তার চেয়েও কঠিন প্রতীয়মান হচ্ছে।
কিছু কিছু বন্দি যুক্তরাষ্ট্রের মাটিতে মুক্তি পেয়ে যেতে পারে এমন আশঙ্কা নাকচ করে ওবামা বলেছেন, তিনি মার্কিন জনগণের জন্য বিপজ্জনক কাউকে মুক্তি দেবেন না।
তবে তিনি বলেন, কিছু সন্দেহভাজন সন্ত্রাসীকে মার্কিন আদালতে বিচার করা হবে এবং তাদেরকে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রাখা হবে। আর অন্যান্যদের মিলিটারি কমিশনে বিচার করা কিংবা অন্য দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৭ ঘ.
bdnews24