শ্রীনগর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ভারতীয় কাশ্মীরের শ্রীনগরে বৃহস্পতিবার এক বিশাল মিছিল ও সমাবেশে হাজার হাজার লোক "মুক্তি চাই" বলে স্লোগান দেয়। একজন শীর্ষ ধর্মীয় নেতা ও এক বিচ্ছিন্নতাবাদী নেতার খুন হওয়ার বার্ষিকী উপলক্ষে এই মিছিল-সমাবেশ ও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
শীর্ষ ধর্মীয় নেতা মাওলানা মোহাম্মদ ফারুক ও মধ্যমপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা আবদুল গনি লোনের নিহত হওয়ার বার্ষিকী উপলক্ষে কাশ্মীরে এ বছরের মধ্যে সবচেয়ে বড় সমাবেশটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি সর্বদলীয় হুরিয়াত সম্মেলনের ডাকা ধর্মঘটের কারণে কাশ্মীরের প্রায় সব এলাকায় দোকানপাট ও স্কুল কলেজ বন্ধ ছিল। শ্রীনগরের বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা। নিরাপত্তা বাহিনীর ছাড়া আর কোনো গাড়ি রাস্তায় চলেনি।
মাওলানা ফারুক ১৯৯০ সালে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিজ বাড়িতে এবং লোন ২০০২ সালে এক সমাবেশে আততায়ীর গুলিতে নিহত হন।
ভারতীয় কর্তৃপক্ষ ও বিচ্ছিন্নতাবাদীরা এই হত্যাকাণ্ডের জন্য একে অপরকে দায়ী করে আসছে।
বৃহস্পতিবার প্রায় ৫০ হাজার লোক হুরিয়াতের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে মিছিল করে 'শহীদদের কবরস্থান' এ যায়। ফারুক ও লোনসহ দিল্লির শাসনের বিরুদ্ধে গত দুই দশকের বিদ্রোহে নিহতদের অনেককে এই কবরস্থানে কবর দেওয়া হয়েছে।
২০০৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর কাশ্মীরে সহিংসতা কমে এসেছে। গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর অবশ্য ভারত শান্তি আলোচনা স্থগিত রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫০ ঘ.
bdnews24