কিরকুক, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরাকে বুধাবার গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত হওয়ার কয়েকঘণ্টা পরে আরেকটি আত্মঘাতী হামলায় ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলাটি চালানো হয়েছে উত্তর ইরাকের কিরকুকে। এতে আহত হয়েছে সাতজন।
ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, কিরকুকে সুন্নি মিলিশিয়াদের ওপর হামলা চালায় ওই বোমা হামলাকারী। মিলিশিয়ারা বেতনভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকার সময় সেখানে ওই হামলা চালানো হয়।
সেনাবাহিনী এ ঘটনায় নিহতের সংখ্যা তিন বলে জানালেও পুলিশের একটি সূত্র পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছে।
বুধবার ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমের শুলা জেলায় গাড়ি বোমা হামলায় ৪০জন নিহত এবং ৮২ জন আহত হয়।
শিয়া অধ্যুষিত এ এলাকার একটি জনপ্রিয় রেস্তোরাঁর কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তবে, মার্কিন সেনাবাহিনী এবং বাগদাদের হাসপাতালগুলো গাড়িবোমা হামলায় হতাহতের সংখ্যা আরও কম বলে জানিয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানায়, বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে। অন্যদিকে বাগদাদের হাসপাতালগুলোর পরিচালক জলিল আল-শিমারি জানান, এ ঘটনায় ২৬ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এইচএ/এএমটি/এমএইচবি/১৭৩০ ঘ.
bdnews24