২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের শক্তঘাঁটি দখলের দাবি পাকিস্তান বাহিনীর

পাকিস্তানের সেনাবাহিনী বুধবার দাবি করেছে, তুমুল যুদ্ধের মাধ্যমে বুনার জেলায় তালেবানদের শক্তঘাঁটি তারা দখল করে নিয়েছে। যুদ্ধে কমপক্ষে ৮০ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ইসলামাবাদ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সেনাবাহিনী বুধবার দাবি করেছে, তুমুল যুদ্ধের মাধ্যমে বুনার জেলায় তালেবানদের শক্তঘাঁটি তারা দখল করে নিয়েছে। যুদ্ধে কমপক্ষে ৮০ জঙ্গি নিহত হয়েছে। সোয়াত উপত্যাকা এবং এর পার্শ্ববর্তী বুনার ও লোয়ার দির জেলায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের কারণে প্রায় ১৪ লাখ মানুষ ঘরবাড়ি থেকে পালিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে। এর আগে অন্যান্য অঞ্চলে সহিংসতার উদ্বাস্তু হয় প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। উদ্বাস্তু লোকজনকে সহযোগিতার জন্য পাকিস্তানকে ১১ কোটি মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা জানিয়েছে, পরমাণু শক্তিধর পাকিস্তানের প্রতি তাদের গত ৩০ বছরের সম্পর্ককে তারা নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছে। সেনাবাহিনী জানিয়েছে, বুনার জেলার সুলতানাস গ্রামে তালেবানদের গড়ে তোলা শক্তঘাঁটি তারা দখল করে নিয়েছে। সেখানে তালেবানরা বাঙ্কারও তৈরি করেছিল। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, "নিরাপত্তা বাহিনী গতরাতে তুমুল যুদ্ধের পর সুলতানাস দখল করে নিয়েছে। এ সময় যুদ্ধে কমপক্ষে ৮০ জঙ্গি নিহত হয়েছে।" এর আগে সেনাবাহিনী জানায়, বুনার জেলায় তুমুল যুদ্ধের পর তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা জানায়, "বেশিরভাগ এলাকা জঙ্গিমুক্ত হয়েছে। জঙ্গিদের পক্ষে ব্যাপক হতাহত হয়েছে।" ফেব্র"য়ারিতে সোয়াতে তালেবানরা সরকারের সঙ্গে শান্তি চুক্তি করার পর বেশ শক্তিশালী হয়ে এপ্রিলের প্রথম দিকে বুনারের দিকে অগ্রসর হয়। জঙ্গিদের সঙ্গে ওই চুক্তির সমালোচনা করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানি কর্তৃপক্ষ আশা করেছিল এই চুক্তির মাধ্যমে সোয়াতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু তালেবানরা সোয়াত থেকে রাজধানীর দিকে অগ্রসর হতে থাকলে তাদের রুখতে গত মাসে বুনার ও লোয়ার দির জেলায় অভিযান চালায় সেনাবাহিনী। এরপর চলতি মাসের ৮ তারিখে সোয়াতে জঙ্গিবিরোধী বড় ধরনের অভিযান শুরু করে সেনারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১৫৫ ঘ.