নয়াদিল্লি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনে চরমভাবে হেরে ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভবিষ্যত এখন অনিশ্চয়তার মুখে। এবার দলটির হিন্দুত্ববাদের পুনরুত্থান এবং শক্তিশালী সরকার গঠনের প্রতিশ্র"তি তাদের প্রথাগত মধ্যবিত্ত শ্রেণীর সমর্থকদের প্রভাবিত করতে পারেনি।
গত বছর মূদ্রাস্ফীতি ১৩ শতাংশে পৌঁছানোর পর দ্রব্যমূল্য বৃদ্ধি, লাখ লাখ মানুষের বেকারত্ব, নভেম্বরে মুম্বাই হামলাসহ জঙ্গি হামলার মতো সমস্যাগুলোকে নির্বাচনী ইস্যু হিসেবে কাজে লাগাতে পারেনি বিজেপি।
রাজনৈতিক বিশ্লেষক মহেশ রঙ্গরাজন 'মেইল টুডে' পত্রিকায় লিখেছেন, "এই নির্বাচন বিজেপির জন্য অবশ্যই হতাশাব্যঞ্জক। এতে প্রমাণ হয়েছে, তাদের প্রধানমন্ত্রী প্রার্থী এবং তার বিশাল দল একবিংশ শতাব্দীর উদীয়মান ভারতে সঙ্গে তাল মেলাতে পারেনি।"
হিন্দু পুনরুত্থান যাকে হিন্দুত্ববাদ বলা হচ্ছে তার উপর ভর করেই প্রায় দুই দশক আগে উত্থান ঘটেছিল বিজেপির। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য দলের একটি অংশের ধর্মীয় উত্তেজনাকে কাজে লাগানোর মানসিকতা থেকে দলটি পুরোপুরি সরে আসতে পারেনি।
রঙ্গরাজন বলেন, "একদিকে তারা যেমন হিন্দুত্ববাদ থেকে সরে আসতে পারেনি তেমনি অর্থনৈতিক পরিবর্তনের বিষয়গুলোকেও তারা সেভাবে ধারণ করতে পারেনি।"
দলটি নির্ভর করেছে তাদের ৮১ বছর বয়সী নেতা এল কে আদভানির ওপর। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস তারুণ্যকে প্রাধান্য দিয়ে সামনে নিয়ে আসে আদভানির অর্ধেক বয়সী রহুল গান্ধীকে। মনে করা হচ্ছে রাহুল একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন।
ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের মতো একটি পুরনো ইস্যুকে বিজেপি ফের জাগিয়ে তোলার চেষ্টা করেছে। নির্বাচনী ইশতেহারে তারা রাম মন্দির নির্মাণের প্রতিশ্র"তি দিয়েছিল। এমন প্রতিশ্র"তি অতীতে বিজেপিকে ভোট পেতে সাহায্য করলেও এবার তেমন কাজে লাগেনি।
কংগ্রেস একা যতো আসন পেয়েছে বিজেপি তাদের পুরো জোট মিলে পেয়েছে তার থেকে কম। বিজেপি পেয়েছে ১১৬টি আসন যেখানে কংগ্রেসের আসন সংখ্যা ২০৬। কংগ্রেস এবার যত আসন পেয়েছে গত দুই দশকের মধ্যে ক্ষমতাসীন কোনো দল এত আসন পায়নি।
রাহুলে চাচাত ভাই বরুণ গান্ধীর বিরুদ্ধে মুসলিম বিদ্বেষী বক্তব্যের অভিযোগের কারণে সম্ভবত উত্তর প্রদেশের মতো জনবহুল রাজ্যে ভোট হারাতে হয়েছে বিজেপিকে।
বরুণের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল: নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন, কোনো মুসলমান হিন্দুদের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ালে তিনি তাদের তার হাত কেটে নেবেন। তার এই বক্তব্যের ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় যদিও পরে তিনি ছাড়া পান। তবে নিজের আসনে তিনি জিতেছেন।
বরুণ গান্ধীর অবশ্য দাবি করেছেন, তার বক্তব্য বিকৃত করে ওই ভিডিও টেপ তৈরি করা হয়েছিল। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।
কট্টর হিন্দু জাতীয়তাবাদী নেতা নরেন্দ্র মোদির দলটির ভবিষ্যত নেতা হওয়ার গুঞ্জন বিজেপির প্রতি ভোটারদের মুখ ফিরিয়ে নেওয়ার আরেকটি কারণ হতে পারে।
ভারতের অন্যতম ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় কলঙ্কিত হয়ে আছে গুজরাতের মুখ্যমন্ত্রী মোদীর ভাবমূর্তি। তার চোখের সামনে গুজরাতের ওই দাঙ্গায় প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই মুসলমান।
'ওক্সাস রিসার্স এন্ড ইনভেস্টমেন্ট' এর ব্যবস্থাপনা পরিচালক সুরজিত ভাল্লা বলেছেন, "যুক্তরাষ্ট্রে এখন রিপাবলিকান পার্টি যেমন উভয় সংকটে ভুগছে ভারতে বিজেপিরও তেমন দশা। একজন নতুন ভোটারকেও তারা দলের পক্ষে আনতে পারেননি। তাদের অবশ্যই ডানপন্থি অংশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৫৪৩ ঘ.
bdnews24