লন্ডন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্ট সদস্যদের অর্থ ব্যয় কেলেঙ্কারির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে না পারার সমালোচনার মুখে পদত্যাগ করছেন ব্রিটিশ পার্লামেন্টের কমন্স সভার স্পিকার মাইকেল মার্টিন। মঙ্গলবার তিনি পার্লামেন্টকে জানিয়েছেন, আগামী মাসে তিনি পদত্যাগ করবেন।
মার্টিন বলেন, "ঐক্য বজায় রাখার স্বার্থে আমি আগামী ২১জুন স্পিকার পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
এরআগে ক্ষমতাসীন লেবার দলের এমপি টনি রাইট সাংবাদিকদের বলেন, "গ্রীষ্মে অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে স্পিকার একটি বিবৃতি তৈরি করছেন।"
মার্টিন গত সোমবার বলেছিলেন, পার্লামেন্ট সদস্যদের অর্থব্যয় নিয়ে কেলেঙ্কারির ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত। তবে পদত্যাগ বা সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত বা সময়সীমা তিনি দেননি।
প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং টরি দলের নেতা ডেভিড ক্যামেরুন জানিয়েছেন, বিষয়টি কমন্স সভার, সরকার বা বিরোধীদের এখানে কিছু করার নেই।
ব্রিটেনে ৩০০ বছরের মধ্যে এই প্রথম একজন স্পিকার কার্যত পদত্যাগে বাধ্য হচ্ছেন। ১৬৯৫ সালে ঘুষ নেওয়ার অভিযোগে পার্লামেন্টে আস্থাভোটে হেরে পদত্যাগে বাধ্য হয়েছিলেন স্পিকার জন ট্রেভর।
মার্টিনের পদত্যাগের বিষয়ে স্পিকারের কার্যালয় থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। মার্টিন পার্লামেন্টের অন্যতম বর্ষীয়ান সদস্য। তিনি পদত্যাগ করলে ব্রিটিশ রাজনীতিতে অস্থিরতা আরও বাড়বে।
মার্টিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি পার্লামেন্ট সদস্যদের নানামুখি ব্যয়ের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার বিরোধিতা করেছেন। এমপিদের বার্ষিক ৬৫ হাজার পাউন্ড বেতনের বাইরে বিভিন্ন ভাতার নামে সুযোগ-সুবিধা গ্রহণ করা নিয়ে ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ধারবাহিক প্রতিবেদন প্রকাশ করে। এতে পার্লামেন্টের ভাবমূর্তি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়।
বিরোধীদলীয় নেতা ডেভিড ক্যামেরুন বলেছেন, স্পিকার পরিবর্তনের চেয়ে আগাম নির্বাচন চায় ক্ষুব্ধ জনগণ।
বিবিসি রেডিওকে তিনি বলেন, "তারা নতুন পার্লামেন্ট চায়। তাদের মনোভাবটা এমন যে একজন স্পিকার পরিবর্তন করে কিছু হবে না। তারা মনে করে একটি কালো পোশাকের মধ্যে একজনের পরিবর্তে আরেকজনকে ঢোকানোর কোনও অর্থ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০০৭ ঘ.
bdnews24