২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খলিলজাদকে 'প্রধান নির্বাহী' বানানোর পরিকল্পনা নেই: আফগানিস্তান

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জালমে খলিলজাদকে আফগানিস্তানের 'প্রধান নির্বাহী' বানানোর সম্ভাবনা মঙ্গলবার নাকচ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত খবর নাকচ করে দিয়ে ওই মুখপাত্র বলেন, খলিলজাদকে 'প্রধান নির্বাহী' বানানোর কোনো পরিকল্পনা কারজাইয়ের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

কাবুল, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস) - যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জালমে খলিলজাদকে আফগানিস্তানের 'প্রধান নির্বাহী' বানানোর সম্ভাবনা মঙ্গলবার নাকচ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত খবর নাকচ করে দিয়ে ওই মুখপাত্র বলেন, খলিলজাদকে 'প্রধান নির্বাহী' বানানোর কোনো পরিকল্পনা কারজাইয়ের নেই। নাম প্রকাশ না করা মার্কিন ও আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আফগানিস্তানে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক খলিলজাদকে কারজাইয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে। খলিলজাদ সাবেক প্রেসিডেন্ট বুশের আমলে আফগাস্তিান, ইরাক এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। আফগানিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে মাত্রাতিরিক্ত প্রভাবের কারণে তিনি কাবুলের 'ভাইসরয়' বলে পরিচিতি পেয়েছিলেন। আফগানিস্তানে খলিলজাদের ভবিষ্যৎ ভূমিকাকে "আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা" হিসেবে ব্যাখ্যা করে পত্রিকাটি। একজন উর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তারা জানায়, খলিলজাদের ভূমিকা হবে "একজন প্রধানমন্ত্রীর মতো, কিন্তু প্রধানমন্ত্রী নয়। কারণ তিনি পার্লামেন্টারি ব্যবস্থায় দায়বদ্ধ থাকবেন না।" আফগান প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র সিয়ামাক হেরাবি এ সম্পর্কে বলেন, "আমরা এমন কিছু জানি না। আমরা এটি নিশ্চিত করতে পারছি না। এর কোনো সত্যতা নেই।" আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে কারজাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন এমন শীর্ষ ব্যক্তিদের মধ্যে খলিলজাদ একজন। কিন্তু তিনিও অন্যান্যদের মতোই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ৮ মে সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা দেননি। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানে তালেবানদের উৎখাতের সময় থেকে আফগানিস্তানের নেতৃত্ব দিয়ে আসছেন কারজাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৫ ঘ.