ব্রাসেলস, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় মানবিক ও মানবাধিকার আইন লঙ্ঘনের ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শ্রীলংকায় সেনাবাহিনী ও তামিল টাইগারদের লড়াইয়ে শিশুসহ বহু বেসামরিক নাগরিকের মৃত্যুর খবরে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ব্রাসেলস বৈঠকে হতাশা প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে আসা ইইউ বলেছে, "ইইউ এ সমস্ত আইন লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত আহ্বান করছে এবং দায়ীদের অবশ্যই বিচার করতে হবে।"
শ্রীলংকার সেনারা সোমবার ২৫ বছরের গৃহযুদ্ধে জয় দাবি করেছে। বিশেষ বাহিনী এলটিটিই প্রধান প্রভাকরণকে হত্যা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।
তামিল টাইগারদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইইউ বলেছে, তারা বেসামরিক নাগরিকদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইইউ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বলেছে।
জরুরি ভিত্তিতে সঙ্কটের রাজনৈতিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানানোর পাশাপাশি মানবিক সঙ্কট সমাধানে জাতিসংঘের সঙ্গে শ্রীলংকাকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে ইইউ'র এক বিবৃতিতে।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ড সাংবাদিকদের বলেছেন, "অসংখ্য লোক সাহায্যের জন্য মরিয়া হয়ে আছে।" এই সাহায্যের জন্য ইইউ ত্রাণসংস্থাগুলোর ওপর থেকে কড়াকড়ি শিথিলের আহ্বান জানিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যন্ড শ্রীলংকায় সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, "সমান অধিকার নিয়ে শ্রীলংকার নাগরিক হতে ইচ্ছুক তামিল জনগণের জন্য এখন জরুরি ভিত্তিতে একান্ত রাজনৈতিক সমাধান প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৭ ঘ.
bdnews24