ইয়াঙ্গুন, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গৃহবন্দি থাকার শর্ত ভঙ্গের মামলায় মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি-কে কারাদণ্ড দিতে পারে দেশটির সামরিক জান্তা। সোমবার ইনসিয়েন কারাগারে এ মামলার শুনানি হচ্ছে। দোষী প্রমাণিত হলে ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।
আগামী ২৭ মে সর্বশেষ মেয়াদে সু চি'র ৬ বছরের গৃহবন্দি আদেশের মেয়াদ পেরিয়ে যাওয়ার ঠিক আগে জান্তা সরকারের এ বিচার প্রক্রিয়ায় উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনৈতিক অঙ্গন। মিয়ানমারের ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এবং ২০০৭ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৌদ্ধ ভিক্ষুরা সু চি'র মুক্তির জন্য আন্দোলনের ডাক দিয়েছে।
এক যুক্ত বিবৃতিতে তারা জানিয়েছে, "সর্বশক্তি দিয়ে জান্তার এই সর্বশেষ বর্বরতার বিরোধিতা করবে এবং অং সান সু চি'র মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা।"
সু চি'র বিচার উপলক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী ইয়ঙ্গুনসহ ইনসিয়েন কারাগার ও এর আশপাশের এলাকায়।
জন ইয়েত্তাও নামের এক আমেরিকান নাগরিক ইয়াঙ্গুনে সু চি'র বাড়ির সামনের লেক পার হয়ে গোপনে সেখানে প্রবেশ করার ঘটনায় সু চি এবং তার দুই নারী সহচরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করে মিয়ানমার জান্তা। গত বৃহস্পতিবার মামলাটি করা হয়।
৬৩ বছর বয়সী সু চি'র আইনজীবী জানিয়েছেন, নিু রক্তচাপ ও পানিশূন্যতায় ভোগার পর তার স্বাস্থ্য এখন "যথেষ্ট ভাল"।
ওদিকে, এ মামলাকে সু চি-কে আটকে রাখার নতুন ষড়যন্ত্র বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মিয়ানমারের নির্বাসিত রাজণৈতিক গ্র"পগুলো এবং বিভিন্ন পশ্চিমা মানবাধিকার সংগঠন।
১৯৯০ সালের সাধারণ নির্বাচনে সু চি'র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল বিজয় পেলেও তাকে সরকার গঠন করতে দেয়নি দেশটির সামরিক নেতারা। এরপর থেকে মিয়ানামরে আবারও লাগাতার সেনা শাসন চালিয়ে যাচ্ছে সামরিক জান্তা।
গত ১৯ বছরের মধ্যে প্রায় ১৩ বছরই গৃহবন্দি অবস্থায় কিংবা কারাগারে কাটিয়েছেন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত সু চি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪১৫ ঘ.
bdnews24