কুয়েত, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কুয়েতের সাধারণ নির্বাচনে শনিবার প্রথম চার নারী এমপি নির্বাচিত হয়েছে। জয় পেয়েছেন উদারপন্থি প্রার্থী আসিল আওয়াধি, রোলা দাস্তি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুমা আল মুবারক এবং সালওয়া আল জাসার। রাষ্ট্রীয় 'কেইউএনএ' সংবাদ সংস্থা একথা জানিয়েছে।
কুয়েতের ইতিহাসে ৪ নারী এমপি নির্বাচন পার্লামেন্টে ইসলামপন্থিদের আধিপত্যে একটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
৫০ আসনের পার্লামেন্টের জন্য ২১০ প্রার্থীর মধ্যে ১৬ জনই ছিল নারী। এর মধ্যে ৫ টি নির্বাচনী আসনের প্রতিটি থেকে নেতৃস্থানীয় ১০ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে পড়াশুনা করে আসা আসিল আওয়াধি এবং রোলা দাস্তি নির্বাচিত হয়েছেন ৩য় নির্বাচনী আসন থেকে।
নির্বাচিত তৃতীয় নারী এমপি মাসুমা আল-মুবারক ২০০৫ সালে প্রথম কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। এএফপি সংবাদ সংস্থাকে আওয়াধি বলেন, "এটি কুয়েতের নারীদের জয় এবং কুয়েতের গণতন্ত্রের জয়।"
২০০৫ সালেই কুয়েতের নারীরা প্রথম নির্বাচনে দাঁড়ানোসহ ভোটাধিকার পায়। কিন্তু ২০০৬ এবং ২০০৮ সালের নির্বাচনে নারীরা পার্লামেন্টে কোনও আসন লাভ করেনি।
কুয়েতের শাসক শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ দু মাস আগে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এলকিউ/১৫৪৪ঘ.
bdnews24