নয়াদিল্লি, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লোকসভা নির্বাচনে অসাধারণ ফলাফলের পর এখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জাদুকরি ২৭২ আসনের হিসাব মেলাতে মাত্র ১০ জন এমপি'র সমর্থন প্রয়োজন কংগ্রেস জোটের। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) কি কেবল ওই সংখ্যা পূরণ করবে না কি একটি স্থিতিশীল সরকারের জন্য উপযুক্ত মিত্র বাছাই করে সমন্বয় আনবে সেটাই এখন দেখার বিষয়।
ভারতের এনডিটিভি নির্বাচন কমিশন সূত্রে পাওয়া নির্বাচনের পুরো ফল প্রকাশ করেছে। ইউপিএ জোট পেয়েছে ২৬২টি আসন।
বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) পেয়েছে ১৬০টি আসন।
কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' পেয়েছে ৭৯টি আসন।
এছাড়া 'চতুর্থ মোর্চা' হিসেবে পরিচিত উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি এবং বিহারের রাষ্ট্রীয় জনতা দল ও লোক জনশক্তি পার্টি মিলে পেয়েছে মোট ২৮টি আসন।
স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে ১৪টি আসন।
ইউপিএ সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ১০ থেকে ১২ জন স্বতন্ত্র এমপিকে টানার চেষ্টা করছে তারা। অবশ্য কংগ্রেস ইতোমধ্যেই ঘোষণা করেছে যে, লালু প্রসাদ যাদবসহ আরজেডি'র তিন এমপি তাদের সঙ্গে যোগ দিচ্ছেন।
এছাড়া কংগ্রেস জেডি(এস), আরএলডি এবং কেরালার ইউডিএফ এর এমপিদেরও সঙ্গে নেওয়ার চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য কংগ্রেস নেতাদের মধ্যে এমন মনোভাবও দৃঢ় যে, স্বতন্ত্রদের সঙ্গে না নিয়ে সমাজবাদী পার্টির মতো কোনো দলকে সঙ্গে নিলেই সরকার গঠনের জন্য ভাল হবে।
কিন্তু কংগ্রেসের অন্য একটি অংশ মনে করে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বাঁধার চেয়ে স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে ভেড়ানোই ভাল হবে।
সরকার গঠনের সম্ভাব্য শরিক কারা হচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং ১৫তম লোকসভায় দলের বিন্যাস ঠিক করার জন্য কংগ্রেস এর কার্যনির্বাহী কমিটি রোববার বৈঠকে বসছে।
মনমোহন সিং, দলের প্রধান সোনিয়া গান্ধী এবং পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিসহ কংগ্রেসের শীর্ষ নেতারা রোববার বৈঠকে বসে সম্ভাব্য মিত্রদের বিষয়ে আলোচনা করেছেন। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, কংগ্রেসের শীর্ষ নেতাদের রোববারই সমাজবাদী দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। উত্তর প্রদেশের এই আঞ্চলিক দল গত বছরজুড়ে কংগ্রেস সরকারকে সমর্থন দিয়ে গেছে।
সোমবার মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মনমোহন সিং তার পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি ঠিক করবেন এবং ইউপিএ জোট নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রস্তুতি নেবে।
এছাড়া রোববার সমাজবাদী পার্টি এবং কমিউনিস্টদের তৃতীয় মোর্চারও যার যার দল ও জোটের নির্বাচন পরবর্তী অবস্থানের হিসেবনিকেশে ঠিক করার জন্য বৈঠকে বসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/২০২৭ ঘ.
bdnews24