ভিয়েনা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তেহরানের জেল থেকে মুক্তি পাওয়ার পর শুক্রবার অস্ট্রিয়ায় পৌঁছেছেন ইরানি-মার্কিন সাংবাদিক রোক্সানা সাবেরি। এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগ থেকে রেহাই পাওয়ার পর সাবেরি গত সোমবার তেহরানের এভিন কারাগার থেকে মুক্তি পান।
আপিল আদালত সাবেরির ৮ বছরের জেল কমিয়ে ২ বছরের স্থগিত দণ্ডাদেশ দেওয়ায় মুক্তি পান তিনি। সঙ্গে সঙ্গেই জানানো হয়, তিনি ইরান ত্যাগ করতে পারবেন। তবে ইরানে ৫ বছরের জন্য সাংবাদিকতা করতে পারবেন না সাবেরি।
শুক্রবার অস্ট্রিয়ার রাজধানীতে মার্কিন দূতাবাদের এক মুখপাত্র সাবেরির ভিয়েনায় পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মুখপাত্র অন্য আর কিছু বলতে অস্বীকৃতি জানান।
এর আগে সাবেরির ইরানি আইনজীবী তার ইউরোপের ফ্লাইটে রওনা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র-ভিত্তিক ন্যাশনাল পাবলিক রেডিও জানিয়েছে, সাবেরি তার বাবা-মায়ের সঙ্গে ভ্রমণ করছেন। তার একইসঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৮ এপ্রিলে সাবেরির জেল হয়। ইরানি-মার্কিন এই সাংবাদিককে জানুয়ারির শেষদিকে গ্রেপ্তার করে ইরান। গুপ্তচরবৃত্তির অভিযোগে তার জেল ওয়াশিংটন এবং ইরানের সম্পর্কে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২২ ঘ.
bdnews24