২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে এ বছর বড় অগ্রগতির আশায় গেটস

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বড় ধরণের অগ্রগতি পাবে বলে তিনি আশা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 08:26 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ওয়াশিংটন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বড় ধরণের অগ্রগতি পাবে বলে তিনি আশা করছেন। তালেবান ও বিদ্রোহীদের বিরুদ্ধে জয় পেতে ওবামা প্রশাসনের নতুন কৌশলের অংশ হিসেবে আফগানিস্তানে দশ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে, আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড ম্যাককিরনানকে গত সপ্তাহে আকস্মিকভাবে অপসারণের ঘোষণা দেন গেটস। তার স্থলাভিষিক্ত হচ্ছেন লে. জেনারেল স্টানলি ম্যাকক্রিস্টাল। মার্কিন প্রতিনিধি পরিষদে গেটস বলেন, "নতুন কৌশল এবং আমাদের সামরিক দৃষ্টিভঙ্গি পরিবর্তণের ফলে আমি আশা করছি চলতি বছরের শেষ নাগাদ আমরা আফগানিস্তানে বড় ধরণের সাফল্য পেতে শুরু করব।" তিনি জানান, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গী কোনোভাবেই স্বল্প মেয়াদি নয়, তারপরও তিনি আশা করছেন বছরের শেষ নাগাদ তারা এমন কিছু দেখতে পাবে যে, সবকিছু ধীরে ধীরে তাদের অনুকুলে আসতে শুরু করেছে। চলতি বছর ১৩ হাজার সেনা পাঠানোর পর আফগানিস্তানে এখন মোট মার্কিন সেনা ৪৫ হাজার। চলতি বছরের শেষ নাগাদ এই সংখ্যা ৬৮ হাজার হবে বলে আশা করা হচেছ। এছাড়া দেশটিতে এই মুহূর্তে মার্কিন মিত্র বিশেষ করে ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের প্রায় ৩০ হাজার সেনা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৪২৫ ঘ.