বার্লিন, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বার্লিনের মাদাম তুসো জাদুঘরে মোমের তৈরী হিটলার মূর্তির মাথা কেটে ফেলার অপরাধে এক ব্যক্তিকে মঙ্গলবার ৯০০ ইউরো জরিমানা করেছে জার্মানির একটি আদালত।
গত বছরের জুলাইতে জার্মানির রাজধানী বার্লিনে মাদাম তুসো জাদুঘর চালু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ওই ঘটনা ঘটে। জাদুঘর খোলার সঙ্গে সঙ্গেই ৪২ বছর বয়সী ওই ব্যক্তি নিরাপত্তা রক্ষীদের ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং তৎক্ষণাৎই মূর্তিটির মাথা কেটে ফেলে।
সাবেক পুলিশ সদস্য বেকার ওই ব্যক্তির বক্তব্য, বার্লিনে হলোকস্ট সমাধিসৌধের মাত্র ৫০০ মিটার দূরত্বে নাৎসী নেতার মূর্তির প্রদর্শনী কোনোবাভেই মেনে নেওয়া যায় না।
একটি কৃত্রিম বাংকারের ভেতরে দাপ্তরিক কাজের ভঙ্গিতে বসে থাকা ক্রুর দৃষ্টির এ মোমের হিটলার মূর্তিটি প্রদর্শিত হওয়ার আগেই তা জার্মানিতে বিতর্কের জন্ম দেয়। সমালোচকরা বলেন যে ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বকে ছারখার করে দিয়েছে এবং ইউরোপের ইহুদিনিধনযজ্ঞের নির্দেশ দিয়েছে তার মূর্তি প্রদর্শন করাটা রুচিহীনতা।
মাদাম তুসো বলেছেন, জাদুঘর রাজনীতিকে এড়িয়ে চলে এবং হিটলার যেহেতু জার্মানির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছেন তাই তার মূর্তি প্রদর্শনীতে থাকাটাই যৌক্তিক।
মাথা কেটে ফেলার ঘটনার পর গত সেপ্টেম্বরে হিটলার মূর্তি আবার তুসো'র জাদুঘরে ফিরে আসে এবং এখনও তা প্রদর্শিত হচ্ছে।
প্রায় ২৫জন শিল্পী চারমাস পরিশ্রম করে ২০০০ এরও বেশি ছবি ও অন্যান্য সংগ্রহের সহায়তায় এবং লন্ডনের মাদাম তুসো জাদুঘরে হিটলারের মূর্তির অনুকরণে এ মোমের হিটলার তৈরি করা হয়।
মোমের হিটলারকে জার্মানিতে হিটলারকে নিয়ে ট্যাবু ভাঙার সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৬০ বছর আগে হিটলারের নেতৃত্বে হলোকস্টের সময় প্রায় ৬০ লাখ ইহুদি প্রাণ হারিয়েছেন বলে বিশ্বাস করা হয়।
জীবনের শেষদিনগুলোতে হিটলারকে একটি মানবিক চরিত্রে উপস্থাপনের অভিযোগে সমালোচিত হয় ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ডাউনফল' চলচ্চিত্রটি। সুইডেনে জন্মগ্রহণকারী ইহুদি পরিচালক ড্যানি লেভি পরিচালিত হিটলারকে নিয়ে ব্যাঙ্গাত্মক একটি চলচ্চিত্র ২০০৭ সালে জার্মানিতে মুক্তি দেওয়া হয়।
নাৎসি প্রতীক বা ধারণাকে মহিমান্বিত করে এমন শিল্প দেশটির আইনে নিষিদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24