২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে এবার '৫৭-রাষ্ট্র সমাধান'

মধ্যপ্রাচ্যে শান্তির ক্ষেত্রে '৫৭-রাষ্ট্র সমাধান' নামে নতুন একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। পরিকল্পনাটির আওতায় সমগ্র মুসলিম বিশ্ব ইসরায়েলকে স্বীকৃতি দেবে। সোমবার লন্ডন টাইমস পত্রিকা জর্ডানের বাদশা আবদুল্লাহর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

লন্ডন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্যে শান্তির ক্ষেত্রে '৫৭-রাষ্ট্র সমাধান' নামে নতুন একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। পরিকল্পনাটির আওতায় সমগ্র মুসলিম বিশ্ব ইসরায়েলকে স্বীকৃতি দেবে। সোমবার লন্ডন টাইমস পত্রিকা জর্ডানের বাদশা আবদুল্লাহর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানায়, বাদশাহ আবদুল্লাহ বলেছেন, "আমরা সমস্যা সমাধানে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশকে খোলা মনে নিজেদের মধ্যে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছি।" "ভবিষ্যত আর জর্ডান নদী অথবা গোলান মালভূমি কিংবা সিনাইয়ের ওপর নির্ভর করছে না, ভবিষ্যত নির্ভর করছে আটলান্টিকের মরক্কো থেকে প্রশান্ত মহাসাগরীয় এলাকার ইন্দোনেশিয়ার ওপর। এটাই হবে প্রাপ্তি।" আবদুল্লাহ অবশ্য সতর্ক করে বলেছেন, "আমরা যদি শান্তি আলোচনায় বিলম্ব করি তাহলে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে ইসরায়েলের সঙ্গে আরব তথা মুসলমানদের আরেকটি সংঘাত শুরু হতে পারে।" লন্ডন টাইমস জানায়, গত এপ্রিলে ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসে নতুন শান্তি পরিকল্পনাটির জন্ম দেন বাদশা আবদুল্লাহ। এ মাসে বিভিন্ন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরিকল্পনাটির বিস্তারিত তুলে ধরা হবে। ওয়াশিংটনে আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বারাক ওবামার বৈঠকেও এ নিয়ে আলোচনা হবে। বাদশাহ আবদুল্লাহ বলেছেন, "আমরা এখন আর শুধু বলছি না ইসরায়েলি ও ফিলিস্তিনিরাই আলোচনার টেবিলে বসুক, আমরা চাই ইসরায়েলিরা বসুক ফিলিস্তিনিদের সঙ্গে, ইসরায়েলিরা বসুক সিরিয়ানদের সঙ্গে, ইসরায়েলিরা বসুক লেবাননীদের সঙ্গে।" মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিরা চাচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র, গোলান মালভূমি ফেরত চাচ্ছে সিরিয়া। ১৯৬৭ সালের যুদ্ধে মালভূমিটি দখল করে নেয় ইসরায়েল। লেবাননে হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে ২০০৬ সালে তীব্র যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। আবদুল্লাহ বলেছেন, "একটি সমাধানের লক্ষ্যে লোকজনকে আলোচনার টেবিলে আনার জন্য আগামী দু'মাস আমাদের ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ দিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৪ ঘ.