কাবুল, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বিমান হামলা বন্ধের দাবি নাকচ করে দিলেও আফগানিস্তানে বিদেশি বাহিনীর এমন হামলা বন্ধের দাবিতে অনড় রয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। প্রেসিডেন্টের এক মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে গত সপ্তাহের বিমান হামলা শতাধিক বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে আফগানরা। সেখানকার দুটি গ্রামে ভোরের দিকে চালানো ওই হামলার সময় হতাহতদের প্রায় সবাই ঘুমন্ত ছিল। রাজধানী কাবুলসহ বিভিন্ন স্থানে ওই হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ করেছে দেশটির বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনও।
যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার দেশে সব ধরনের বিমান হামলা বন্ধের দাবি জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট কারজাই। তিনি জানান, ওই হামলায় নারী ও শিশুসহ সম্ভবত ১৩০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
কারজাইয়ের জানানো এ সংখ্যাটি নিশ্চিত হলে তা হবে ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরুর পরে এ ধরনের সবচেয়ে বড় ঘটনা।
কিন্ত আফগান প্রেসিডেন্টের এ দাবি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোনস। তিনি বলেছেন, "কমান্ডাররা পেছনে এক হাত বাঁধা অবস্থায় লড়াই করতে পারে না।"
কিন্তু বেসামরিক হতাহতের ইস্যুটি ইতোমধ্যেই কাবুল ও ওয়াশিংটনের সম্পর্ককে বিষিয়ে তুলেছে এবং তা আরও বিষাক্ত হয়ে উঠতে পারে। কারজাইয়ের প্রশাসন এ অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিচ্ছে এবং তারা বলছেন যে, এটা তাদের সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে কারজাইয়ের মুখপাত্র সিমাক হেরাবি বলেছেন যে, "আমরা আমাদের গ্রামগুলোতে বোমাবর্ষণের অবসান চাই....এবং আমরা এ বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছি।"
তিনি আরও বলেন, "এটা অনেকটা শাখের করাতের মতো যা আফগান জনগণের মতোই আন্তর্জাতিক স
bdnews24