মিঙ্গোরা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সোয়াত উপত্যকায় সেনা অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪৩ 'জঙ্গি' নিহত হয়েছে বলে শুক্রবার সে দেশের সেনাবাহিনী দাবি করেছে। সেনাবাহিনী অভিযান জোরদার করায় এলাকা ছাড়ছে লোকজন।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি 'জঙ্গি' ও 'সন্ত্রাসীদের' বিরুদ্ধে সেনা অভিযানের নির্দেশ দেন। তিনি বলেন, "সন্ত্রাসী ও জঙ্গিরা বন্দুকের মুখে দেশকে জিম্মি করার চেষ্টা করছে।"
শুক্রবার রাওয়ালপিন্ডির সদর দপ্তরে সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস সাংবাদিকদের বলেন, "সোয়াত উপত্যাকায় অন্তত ১৪৩ জঙ্গি মারা গেছে বলে খবর পাওয়া গেছে।"
তবে রাজধানী ইসলামাবাদ থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত উপত্যকায় হতাহতের খবর নিরপেক্ষ কোন সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।
সেনা মুখপাত্র বলেন, "সরকারের নির্দেশ সেনাবাহিনী জঙ্গিদের নির্মূলে সর্বাত্মক অভিযান চালাচ্ছে। জঙ্গিরা পালাতে শুরু করেছে। তারা সাধারণ মানুষকে এলাকা ত্যাগে বাধাও দিচ্ছে।"
তিনি করে বলেন, এটি একটি কঠিন অভিযান। তবে এ অভিযান কবে শেষ হবে সেটা তিনি জানাননি।
সেনা কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নির্দেশের পর সোয়াত উপত্যকায় তালেবানদের ওপর বিমান থেকে বোমাবর্ষণ শুরু হয়েছে। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও।
সোয়াতে সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাসির খান টেলিফোনে জানান, বিমান, হেলিকপ্টার গানশিপ ও সেনাদের সম্মিলিত অভিযান চলছে। আগের দিনের অভিযানে নিহত হয়েছে ৫৫ জঙ্গি।
তিনি বলেন, "কাবাল এলাকায় হেলিকপ্টার গানশিপ হামলা চালিয়ে আমরা দুটো জঙ্গি আস্তানা ধ্বংস করেছি। এতে ১০/১২ জন জঙ্গি মারা পড়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।" সোয়াতের অন্যান্য অংশেও বিমান ও স্থল অভিযান চলছে এবং গতদিন বিশিষ্ট এক তালেবান কমাণ্ডার নিহত হয়েছে বলেও জানান নাসির খান।
প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বৃহস্পতিবার টেলিভিশনে এক ভাষণে জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।
তিনি বলেন, "আমাদের দেশের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারে এবং জনগণকে রক্ষা করতে সেনাবাহিনীকে জঙ্গি ও সন্ত্রাসীদের নির্মূল করতে বলা হয়েছে। সরকার সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না। তাদেরকে অস্ত্রসমর্পণে বাধ্য করা হবে।"
সোয়াত পরিস্থিতি সামাল দেওয়াটা দেশে ক্রমবর্ধমান তালেবান তৎপরতা দমনে পাকিস্তানের জন্য একটি পরীক্ষা। বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আল কায়েদা ও এর মিত্রদের পরাজিত করার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সোয়াতে তালেবান বিরোধী জোরালো অভিযান শুরু করে এই প্রতিশ্র"তি রক্ষারই চেষ্টা করছে পাকিস্তান।
সোয়াত উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করতে ফেব্র"য়ারিতে স্বাক্ষরিত সরকার-তালেবান শান্তিচুক্তি ভেঙে পড়ার পর উপত্যকার প্রধান শহর মিঙ্গোরায় অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এ অভিযানের মুখে কারফিউয়ে বিরতির সুযোগে সোয়াত ছেড়ে পালাচ্ছে হাজার হাজার লোক।
ত্রাণ সংস্থাগুলো ইতোমধ্যেই বহু মানুষ বাস্তুচ্যুত হওয়ার কথা জানিয়েছে। আরও মানুষ পালিয়ে আসতে থাকায় মানবিক সঙ্কট বাড়ছে বলে জানিয়েছে তারা।
কর্তৃপক্ষ ফেব্র"য়ারিতে তালেবানদের দাবি মেনে সোয়াত উপত্যকায় শরিয়া আইন প্রবর্তন করে। কিন্তু তালেবানরা অস্ত্র পরিহার করতে অস্বীকৃতি জানায় এবং পার্শ্ববর্তী জেলাও দখলে নেওয়ার চেষ্টা চালায়।
সোয়াতে অভিযান শুরুর আগে ২৬ এপ্রিল তালেবানদের উচ্ছেদ করতে সোয়াতের পার্শ্ববর্তী জেলা দির ও বুনারে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24