২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে, বিশ্বে ছড়িয়ে পড়ছে ফ্লু, কমছে মেক্সিকোয়

মেক্সিকোতে সোয়াইন ফ্লু সংক্রমণ কমে এলেও এর বাইরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এইচ১এন১ ভাইরাস। যুক্তরাষ্ট্রের ৪১ টি অঙ্গরাজ্যে ৮৯৬ জনের ফ্লু সংক্রমণ নিশ্চিত করেছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। ভাইরাস সংক্রমণ খারাপ পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা করছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 07:21 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ওয়াশিংটন, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকোতে সোয়াইন ফ্লু সংক্রমণ কমে এলেও এর বাইরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এইচ১এন১ ভাইরাস। যুক্তরাষ্ট্রের ৪১ টি অঙ্গরাজ্যে ৮৯৬ জনের ফ্লু সংক্রমণ নিশ্চিত করেছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। ভাইরাস সংক্রমণ খারাপ পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা করছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। ওদিকে, বিশ্বব্যাপী মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ লোক এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা দেশের ৫০ টি অঙ্গরাজ্যেই সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন এবং ভাইরাস সংক্রমণ সামান্য থেকে মারাত্মক আকার ধারণ করতে পারে বলেও মনে করছেন। ফ্লুতে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই দুইজনের মৃত্যু ঘটেছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর রিচার্ড বেসের বলেন, "আমরা এখনও পর্যন্ত এই ফ্লু স্তিমিত হয়ে আসার কোনও লক্ষণ দেখছিনা।" নতুন সোয়াইন ফ্লু ভাইরাস নিয়ে বিস্তারিত গবেষণায় দেখা গেছে এটি মানুষ, পাখি ও শুকর থেকে আসা একটি মিশ্র ভাইরাস। উত্তর আমেরিকায় এ ভাইরাসের প্রাদুর্ভাব আগে কখনও দেখা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার এইচ১এন১ ফ্লুতে বিশ্বের ২৪টি দেশের দুই হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার কথা জানায়। বিভিন্ন দেশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও তাদের সর্বশেষ হিসাবে জানায়, নতুন ফ্লুতে মেক্সিকোয় মারা গেছে ৪৪ জন। এর আগে মেক্সিকোয় মৃতের সংখ্যা ২৯ বলে জানিয়েছিল জাতিসংঘের এই সংস্থাটি। এইচ১এন১ ভাইরাসের বিস্তার রোধে পাঁচদিন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে রাখার পর বুধবার থেকে আবার স্বাভাবিক জীবন যাত্রায় ফিরতে শুরু করে মেক্সিকো। দেশটির সরকার বৃহস্পতিবার জানিয়েছে, খারাপ সময় পেরিয়ে যাওয়ায় বাণিজ্যিক ও জন কর্মসূচির ওপর থেকে বাধা-নিষেধ শিথিল করা হয়েছে। ডব্লিউএইচও'র গবেষণাগারের হিসাব মতে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেনে ৭২, ব্রিটেনে ২৮, জার্মানিতে ৯, ইতালিতে ৫, ফ্রান্সে ৫ জন এবং পর্তুগাল, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন ও সুইজারল্যান্ডে একজন করে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া, পোল্যান্ড বুধবার তাদের দেশে একজন আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে এটি এখনও সংস্থাটির হিসাবে অর্ন্তভূক্ত হয়নি। ইউরোপের বাইরে বাকী বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডে ৫, ইসরায়েলে ৪, দক্ষিণ কোরিয়ায় ২জন এবং হংকং, চীন, গুয়েতেমালা, কলোম্বিয়া ও কোস্টারিকায় একজন করে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫০ ঘ.