২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী 'সন্ত্রাসীদের' নির্মূল করবে: পাকিস্তান

পাকিস্তান সরকার বৃহস্পতিবার সেনাবাহিনীকে জঙ্গি নির্মূলের নির্দেশ দিয়েছে। এতে করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহনীর সঙ্গে লড়াইরত তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে আরও বড় ধরনের অভিযান শুরুর পট প্রস্তুত হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 05:37 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

মিঙ্গোরা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তান সরকার বৃহস্পতিবার সেনাবাহিনীকে জঙ্গি নির্মূলের নির্দেশ দিয়েছে। এতে করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহনীর সঙ্গে লড়াইরত তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে আরও বড় ধরনের অভিযান শুরুর পট প্রস্তুত হল। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি টেলিভিশনে এক ভাষণে বলেছেন, "জঙ্গিরা বন্দুকের নলের মুখে দেশকে জিম্মি করার চেষ্টা করছে। এখন চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে।" তিনি বলেন, "আমাদের দেশের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারে এবং জনগণকে রক্ষা করতে সেনাবাহিনীকে জঙ্গি ও সন্ত্রাসীদের নির্মূল করতে বলা হয়েছে।" গিলানি আক্রমণ শুরুর ঘোষণা দেননি। তবে বলেছেন, সরকার সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না এবং তাদেরকে অস্ত্রসমর্পণে বাধ্য করবে। সোয়াত পরিস্থিতি সামাল দেওয়াটা দেশে ক্রমবর্ধমান তালেবান তৎপরতা দমনে পাকিস্তানের জন্য একটি পরীক্ষা। বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আল কায়েদা ও এর মিত্রদের পরাজিত করার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সোয়াত উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্র"য়ারিতে স্বাক্ষরিত শান্তিচুক্তি ভেঙে পড়ার পর উপত্যকার প্রধান শহর মিঙ্গোরায় অভিযান শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনী সোয়াতের তালেবান অবস্থানগুলোতে জঙ্গি বিমান ও হেলিকপ্টার হামলা চালাচ্ছে। এ অভিযানের মুখে কারফিউয়ে বিরতির সুযোগ সোয়াত ছেড়ে পালাচ্ছে হাজার হাজার লোক। ত্রাণ সংস্থাগুলো ইতোমধ্যেই বহু মানুষ বাস্তুচ্যুত হওয়ার কথা জানিয়েছে। আরও মানুষ পালিয়ে আসতে থাকায় মানবিক সঙ্কট বাড়ছে বলে জানিয়েছে তারা। কর্তৃপক্ষ ফেব্র"য়ারিতে তালেবানদের দাবি মেনে সোয়াত উপত্যকায় শরিয়া আইন প্রবর্তন করে। কিন্তু তালেবানরা অস্ত্র পরিহার করতে অস্বীকৃতি জানায় এবং পার্শ্ববর্তী জেলাও দখলে নেওয়ার চেষ্টা চালায়। ২৬ এপ্রিল তালেবানদের উচ্ছেদ করতে সোয়াতের পার্শ্ববর্তী জেলা দির ও বুনারে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বুধবার বুনার ও সোয়াত অভিযানে কমপক্ষে ৬৪ জঙ্গি নিহত হয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। তালেবান এক মুখপাত্র জানিয়েছেন, সোয়াত উপত্যকায় ৩০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার সোয়াতের কমপক্ষে চারটি স্থানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার ও জঙ্গি বিমান হামলা চালানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৩ ঘ.