ইয়াঙ্গুন, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের গৃহবন্দি রাজনৈতিক নেত্রী আং সান সু চি'র বাড়ির কাছ থেকে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। মিয়ানমারের সরকার পরিচালিত দৈনিক কেইমান পত্রিকা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
ইয়াঙ্গুনে সু চি'র বাড়ির কাছের লেকে সাঁতার কাটার সময় বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পত্রিকাটি জানায়, জন উইলিয়াম ইয়েত্তো নামের ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের জানিয়েছেন যে, শনিবার টুরিস্ট ভিসা নিয়ে মিয়ানমারে গেছেন তিনি।
পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েত্তো দাবি করেছেন, রোববার রাতে সাঁতরে ওই লেকটি পার হয়ে গোপনে সু চির বাড়ির কম্পাউন্ডে ঢোকেন এবং মঙ্গলবার রাত পর্যন্ত সেখানেই অবস্থান করেন তিনি।
তবে, সু চি'র বাড়ির সঙ্গে পরিচিতরা বলেছেন, তার অজ্ঞাতে সেখানে দুই দিন অবস্থান করা অনেকটাই অসম্ভব।
সামরিক জান্তার অনুমতি ছাড়া সু চি'র সঙ্গে কেউ দেখা করার সুযোগ পান না।
শান্তিতে নোবেল বিজয়ী সু চি ১৯৯০ সালে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলেও সামরিক নেতৃত্ব তাকে ক্ষমতায় যেতে দেয়নি। তখন থেকে পরবর্তী ১৯ বছরের প্রায় ১৩ বছরই কারাগারে কিংবা গৃহবন্দি অবস্থায় কাটাচ্ছেন সু চি।
ওদিকে, ঘটনাটি সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে জানান, "আমরা সরকারি পত্রিকা মারফৎ বিষয়টি জানতে পেরেছি এবং এ বিষয়ে এখনও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।
ওই ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "আমার কোনো ধারণা নেই।"
পত্রিকাটি আরও জানিয়েছে, কর্তৃপক্ষ ওই ব্যক্তির পাসপোর্ট তার কাছে থাকা একটি কালো ব্যাগ, একটি টচর্, একজোড়া প্লায়ার্স, একটি ক্যামেরা এবং ১০০ ডলারের দুটি নোটসহ কিছু স্থানীয় মুদ্রা জব্দ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৮ ঘ.
bdnews24