নয়াদিল্লি, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে বামপন্থিদের নেতৃত্বাধীন তৃতীয় মোর্চার প্রধান দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম) এর প্রধান প্রকাশ কারাত আবারও বলেছেন, কোনো অবস্থাতেই কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দেবেন না তারা।
বামপন্থীরা কংগ্রেস প্রধানন্ত্রীকে সমর্থন দেবে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের পরদিনই কারাত নিজেদের অবস্থানে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করলেন।
কিন্তু বিশ্লেষকরা বলছেন, সরকার গঠন করতে হলে বামপন্থীদের সমর্থন অপরিহার্য হয়ে পড়বে কংগ্রেসের জন্য।
নির্বাচন পরবর্তী রাজনৈতিক মেরুকরণে জোট সরকার গঠনের বিষয়টি মাথায় রেখে সম্ভাব্য মিত্রদের প্রশংসা করতে গিয়ে মঙ্গলবার কংগ্রেসের অন্যতম তারকা নেতা ও নির্বাচনী প্রচারক রাহুল নয়াদিল্লির এক জনসভায় বলেন, "আমি আত্মবিশ্বাসী যে, বামপন্থীরা কংগ্রেস প্রধানমন্ত্রীকে সমর্থন দেবে।"
গত বছর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় ভারতের কমিউনিস্ট দলগুলো।
এবারের নির্বাচনী প্রচারণাতেও পুনরায় কংগ্রেসকে সমর্থন দেওয়ার বিষয়টি একরকম নাকচই করে দিয়েছে বামপন্থীরা। বিশেষত, কমিউনিস্টদের নেতৃত্বে ছোট ছোট আঞ্চলিক দলগুলোকে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি 'তৃতীয় মোর্চা' গঠনের পর কংগ্রেসের প্রতি বামপন্থীদের সমর্থন নিয়ে অনিশ্চয়তা বেড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪০ ঘ.
bdnews24