২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন হামলায় বহুসংখ্যক আফগান নিহত: রেডক্রস

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ বহু সংখ্যক আফগান নিহত হওয়ার খবর বুধবার নিশ্চিত করেছে রেডক্রস। হামলা থেকে বাঁচতে লোকজন পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে আশ্রয় নিচ্ছে বলে রেডক্রস জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 11:57 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

হেরাত, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ বহু সংখ্যক আফগান নিহত হওয়ার খবর বুধবার নিশ্চিত করেছে রেডক্রস। হামলা থেকে বাঁচতে লোকজন পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে আশ্রয় নিচ্ছে বলে রেডক্রস জানিয়েছে। ফারাহ প্রদেশের গভর্নর রুহুল আমিন ১০০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার আশঙ্কা করছেন বলে জানান। তবে প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল গাফার ওয়াতান্দার বলেছেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এ সংখ্যা নিশ্চিত হলে ২০০১ সালের পর আফগানিস্তানে এটিই হবে সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহতের পরিসংখ্যান। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় জানিয়েছে, কারজাই বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি তদন্তে বুধবার মার্কিন-আফগান যৌথ প্রতিনিধিদল পাঠিয়েছেন। কারজাই বলেছেন, এই প্রাণহানি মেনে নেওয়া যায় না। তিনি বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনা করতে চান বলেও জানিয়েছে তার কার্যালয়। আন্তর্জাতিক রেডক্রস কমিটির মুখপাত্র জেসিকা ব্যারি জানান, নারী ও শিশু নিহত হয়েছে। হামলার সময় তারা বাড়িতে বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল বলে মনে হয়েছে। ঘটনাস্থলে বিধ্বস্ত বাড়িঘর এবং বহুসংখ্যক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলেও জানান তিনি। এর মধ্য দিয়ে আফগানিস্তানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি প্রথম আন্তর্জাতিকভাবে নিশ্চিত হল। নিহতদেও মধ্যে আফগানিস্তানে রেড ক্রিসেন্টের এক ত্রাণ স্বেচ্ছাসেবী রয়েছে বলে জানান ব্যারি। আফগানিস্তানের মার্কিন বাহিনী ফারাহ প্রদেশের বালা বলুক জেলায় লড়াইয়ে লিপ্ত থাকার কথা স্বীকার করেছে। তালেবান জঙ্গিরা এখানকার একটি গ্রাম দখল করে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর সোম ও মঙ্গলবার এখানে অভিযান চালায় মার্কিন বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০১ ঘ.