কলকাতা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিন দশকেরও বেশি সময় গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু কমিউনিস্ট সরকারের অধীনে শাসিত হচ্ছে পশ্চিমবঙ্গ। তবে এখন সরকারের আগ্রাসী শিল্পায়ন পরিকল্পনায় বিক্ষুব্ধ কৃষকদের কারণে রাজ্যটিতে কমিউনিস্টদের প্রভাববলয় ধীরে ধীরে ছোট হয়ে আসছে। একসময়ের শিল্প ও কলকারখানা বহুল রাজ্যটির হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে দেশ-বিদেশের উদ্যোক্তাদের আকৃষ্ট করতে রাজ্যসরকারের নেওয়া নীতিমালা কাল হয়ে উঠছে কমিউনিস্টদের জন্য।
এক কোটি ২০ লোকের শহর কলকাতায় কমিউনিস্টদের হাতুড়ি-কাস্তের লাল পোস্টারে নতুন শিল্প স্থাপন করে তরুণ প্রজন্মের চাকরি জোগানের প্রতিশ্র"তি সর্বত্র।
রাজ্যটিতে সাধারণত শিল্প গড়ে তোলা হয় কৃষি জমিতে, এতে মহাক্ষুব্ধ কৃষকরা। শুরু থেকে এরাই ছিল বামপন্থিদের সমর্থক। কিন্তু শিল্প নিয়ে এরা দেখিয়েছে প্রবল বিক্ষোভ, তাদের প্রতিবাদের মুখে বিশ্বের সবচেয়ে কমদামের গাড়ি ন্যানোর নির্মাতা প্রতিষ্ঠান প্রকল্প গুটিয়ে অন্যরাজ্যে চলে যেতে বাধ্য হয়েছে।
ভারতজুড়ে চলমান সাধারণ নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে 'দ্য টেলিগ্রাফ' পত্রিকার সিনিয়র এডিটর আশীষ চক্রবর্তী বলেন, "শিল্পায়ন নিয়ে সামনে এগুনোর অঙ্গীকার আছে বামপন্থিদের, কিন্তু এটাও তারা ভাল করে জানে এ জন্য এবারের নির্বাচনে তাদের মূল্য দিতে হবে।"
পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও কৃষির বিরোধ সারা ভারতেরই চালচিত্র। ঘনবসতিপূর্ণ দেশটিতে কৃষিজমিতে কল-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হলেই গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়তে হয়। প্রায়ই তা সহিংসতায় গড়ায়। ভারতের ১১০ কোটি মানুষের অর্ধেকই এই গ্রামবাসী।
পশ্চিমবঙ্গে পাট, বস্ত্র ও ভারী শিল্প যে টুকুই আছে তার বেশিরভাগই গড়ে ওঠে স্বাধীনতা-পূর্ব কালে যখন কলকাতা ছিল ব্রিটিশ-ভারতের রাজধানী।
শিল্পায়নের এই প্রক্রিয়া চলে ১৯৭০ দশকের মধ্য পর্যন্ত।কৃষকদের ক্ষমতায়নের স্লোগান তুলে ১৯৭৭ সালে বামরা ক্ষমতায় এসে ২৫ লাখেরও বেশি কৃষককে তারা জমি দেয়।
এরপর শিল্পায়ন থেমেই যায়। ইউনিয়নবাজিতে পিষ্ট হয় আগের কলকারখানাগুলো। শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটে ১৯৮০ দশকের মাঝামাঝি পর্যন্ত ৩৫ হাজার কারখানা ও ওয়ার্কসপ বন্ধ হয়ে যায়।
ওড়িশ্যার মতো রাজ্য এবং ব্যাঙ্গালুরুর মতো শহর যখন সাফল্যের সঙ্গে বিনিয়োগকারীদের আকৃষ্ট করছিল, তখন পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গোটাচ্ছিল বড় বড় কর্পোরেশনগুলো।
কৃষিতে বন্ধ্যাত্ব, জমির স্বল্পতার সঙ্গে পাল্লা দিয়ে বেকারত্ব বাড়তে থাকলে পাঁচ বছর আগে ভারতের নতুন "লুক ইস্ট পলিসি'র সঙ্গে একাত্ম হয়ে কমিউনিস্টরাও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তৎপর হয় এবং বাকি এশিয়ার সঙ্গে ঘনিষ্ট বাণিজ্য সম্পর্ক গড়ে তোলে।
কিন্তু এতে খেপে যায় কৃষক। তাদের সহিংস প্রতিবাদের মুখে নন্দীগ্রামে ৩০০ কোটি ডলারের রাসায়নিক কমপ্লেক্স গড়ার প্রকল্প ভেস্তে যায়। টাটা মোটর্সও গত বছর তাদের ন্যানো প্রকল্প সরিয়ে নিতে বাধ্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১০৩ ঘ.
bdnews24