পিওরিয়া, ইলিনয়স, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবাদ এবং হামলা ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেছেন আল কায়েদার এক 'গুপ্ত এজেন্ট'। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে তিনি অভিযোগ স্বীকার করেন।
অভিযোগ প্রমাণিত হলে কাতার ও সৌদি আরবের যৌথনাগরিক আলি আল মারির ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
মারির আইনজীবী এন্ড্রু সাভেজ জানান, আল কায়েদাকে বস্তুগত সহযোগিতা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেছেন তার মক্কেল। বৃহস্পতিবার শুনানি শুরু হওয়ার কয়েক মিনিট আগে তার বিরুদ্ধে তোলা দ্বিতীয় একটি অভিযোগ সমঝোতারভিত্তিতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটি ছিল সন্ত্রাসবাদে বস্তুগত সহযোগিতার অভিযোগ।
অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, "জাতি হিসেবে আমরা এখনো কী ধরনের হুমকির মুখে আছি এই মামলা তা স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের অপরাধীদের বিচারপ্রক্রিয়ায় আস্থা থাকলে আমরা কী করতে পারি- এর মাধ্যমে সেটাও পরিষ্কার হয়েছে।"
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আল কায়েদার সঙ্গে মারির প্রথম যোগাযোগ গড়ে ওঠে ১৯৯৮ সালে এরপর তিনি পাকিস্তানে চলে যান আল কায়েদার সামরিক প্রশিক্ষিত নিতে।
নাইন ইলেভেন হামলায় অভিযুক্ত শীর্ষ পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে পাকিস্তানে মারির পরিচয় হয়। খালিদ তাকে পরিচয় করিয়ে দেন নাইন ইলেভেন হামলার অভিযুক্ত অর্থের যোগানদাতা মুস্তফা হাওসায়ির সঙ্গে। হাওসায়ি তাকে ১০ হাজার মার্কিন ডলার দেয়।
বিচার বিভাগ জানিয়েছে, এরপর মারি ই-মেইলে সাংকেতিক ভাষায় যোগাযোগ করেন খালিদ শেখের সঙ্গে। ই-মেইলে তিনি নিজেকে 'আবদো' এবং খালিদকে 'মুক' হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টার অগ্রগতি সম্পর্কে তিনি খালিদকে অবহিত করেন।
মারি পরিবারের সদস্যদের নিয়ে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন ২০০১ সালের ১০ সেপ্টেম্বর। ওঠেন ইলিনয় রাজ্যের পিওরিয়াতে। এখানকার ব্রাডলি বিশ্ববিদ্যালয়ে তিনি আগে পড়াশুনা করেছেন।
কৌঁসুলিরা জানিয়েছেন, পড়াশুনার পরিবর্তে মারণঘাতী গ্যাস তৈরির লক্ষ্যে তিনি সায়ানাইড মিশ্রণ এবং সালফিউরিক এসিড নিয়ে গবেষণায় মেতে ওঠেন।
কম্পিউটারের সাহায্যে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাধ এবং সুড়ঙ্গ সম্পর্কেও তথ্য সংগ্রহ করেন বলে জানিয়েছেন কৌঁসুলিরা।
তবে মারির আইনজীবী সাভেজ জানান, তার মক্কেল জোর দিয়ে দাবি করেছেন,
নিরাপরাধ মানুষের ক্ষতি হতে পারে এমন কোনো সহিংস কাজের সঙ্গে কখনো জড়িত ছিলেন না।
কর্তৃপক্ষ জানিয়েছে, নাইন ইলেভেনের হামলার পর রাসায়নিক এবং জৈবিক অস্ত্রের মাধ্যমে হামলা এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় সাইবার হামলার ষড়যন্ত্র করেন মারি।
এফবিআইয়ের জাতীয় নিরাপত্তা শাখার আর্থার কামিংস বলেন, "মারি যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই আল কায়েদার গুপ্ত কর্মী হিসেবে কাজ করেছেন এবং তাকে নির্দেশনা দিয়েছেন নাইন ইলেভেন হামলার শীর্ষ পরিকল্পনাকারী।"
তিনি বলেন, "রাসায়নিক অস্ত্র, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং সর্বোচ্চ ক্ষয়ক্ষতির বিষয়ে মারি গবেষণা করেছেন।"
কৌঁসুলিরা জানিয়েছেন, কম্পিউটার সিস্টেম হ্যাক করার তথ্য, চুরি হওয়া ক্রেডিট কার্ড নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেন মারি।
নাইন ইলেভেন হামলায় নিউ ইয়র্কের তদন্তেরভিত্তিতে ২০০১ সালের ডিসেম্বর মাসে প্রথমে পিওরিয়া থেকে মারিকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে ক্রেডিট কার্ড জালিয়াতি এবং এফবিআইকে মিথ্য বলার অভিযোগ আনা হয়।
কিন্তু ২০০৩ সালে তার ওপর থেকে এই অভিযোগ তুলে নেওয়া হয় এবং তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মারিকে 'শত্র" যোদ্ধা' বলে ঘোষণা করেন। এরপর তাকে সাউথ ক্যারোলিনায় নৌঘাঁটিতে নিয়ে আটক রাখা হয়। সেখানে কোনো অভিযোগ গঠন ছাড়াই তাকে ছয় বছর বন্দি রাখা হয়।
স
bdnews24