ডেট্রোয়েট/ওয়াশিংটন, ১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বব্যাপী বিক্রি কমে যাওয়া এবং ঋণসংকটে জর্জরিত হয়ে দু'বছর খাবি খাওয়ার পর যুক্তরাষ্ট্রের গাড়ি কোম্পানি ক্রাইসলার দেউলিয়া হওয়ার আবেদন করেছে। ঋণ পুনর্গঠনের ব্যাপারে ঋণদাতাদের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর বৃহস্পতিবার একইসঙ্গে কোম্পানিটি ফিয়াট কোম্পানির সঙ্গে শিল্প-পরিবর্তন চুক্তিরও ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বড় ধরনের গাড়ি কোম্পানির এটাই প্রথম দেউলিয়াত্ব বরণ করার আবেদন। কোম্পানিটি এই দশা এড়ানোর জন্য কয়েক সপ্তাহ ধরে ঋণদাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে ব্যর্থ হয়।
চ্যাপ্টার ১১ তে এই দেউলিয়াত্বের আবেদনের ফলে সরকার কোম্পানিটিকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার দেবে ডেটর-ইন-পজেশন (ডিআইপি) অর্থায়ন হিসেবে। এ ছাড়াও এক্সিট ফিনান্সিং হিসেবে দেওয়া হবে আরও ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোম্পানিটির এই পদক্ষেপের প্রশংসা করেছেন। এতে ক্রাইসলারের ৩০ হাজার কর্মীর সঙ্গে কোম্পানিটির ওপর নির্ভরশীল আরও হাজার হাজার লোকের চাকরি রক্ষা পাওয়ার আশা করা হচ্ছে।
কোম্পানিটি একই সঙ্গে ইতালীয় গাড়ি কোম্পানি ফিয়াটের সঙ্গে গাঁটছড়া বাঁধারও ঘোষণা দিয়েছে। ক্রাইসলার এর ২০ শতাংশ মালিকানা ফিয়াটের হাতে তুলে দেবে। ক্রাইসলারের সরকারি ঋণ ক্রমান্বয়ে শোধ হয়ে যাওয়ার পর এর মালিকানার সিংহভাগ চলে যাবে ফিয়াটের হাতে।
ম্যানহাটনের আদালতে ক্রাইসলারের দেউলিয়াত্বের আবেদনের পর এর কর্মীদের পাশাপাশি এর প্রতিদ্বন্দ্বী কোম্পানি থেকে শুরু করে ক্রাইসলারের সরবরাহকারী, ডিলারসহ কোম্পানিটির ওপর নির্ভরশীল লাখ লাখ লোক হতাশায় মুষড়ে পড়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩১ ঘ.
bdnews24