মুম্বাই, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার তৃতীয় পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিহার, গুজরাট, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট দিচ্ছে লাখ লাখ ভোটার। এছাড়া মুম্বাইসহ আরও কয়েকটি কেন্দ্রশসিত এলাকায় ভোটগ্রহণ চলছে। (আরও তথ্যসহ)
বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)'র জয়লাভের চেষ্টায় গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে তৃতীয় পর্বের এই নির্বাচন। বিজেপি সংশ্লিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ স্বপন দাসগুপ্ত বলেছেন, বিজয়ী জোট গড়ার সুযোগ পেতে হলে বৃহস্পতিবার গুজরাট, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের মতো রাজ্যগুলোতে বিজেপি'কে ভালো ফল করতে হবে।
বিবিসি জানিয়েছে, নির্বাচনী প্রার্থীদের মধ্যে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং বিজেপি'র পধানমন্ত্রী পদপ্রার্থী এল কে আদভানির আসনে ভোটগ্রহণ চলছে। সোনিয়া দাঁড়িয়েছেন উত্তর প্রদেশের রায় বারেলিতে। অন্যদিকে, আদভানি প্রার্থী হয়েছেন গুজরাটের গান্ধীনগরে। বৃহস্পতিবার ভোট দিচ্ছেন ১৪৪ মিলিয়নেরও বেশি ভোটার।
ভারতে ৫ পর্বের এই নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শেষ হয়েছে গত বৃহস্পতিবার। নির্বাচনের ওই পর্বে মাওবাদীদের সক্রিয় রাজ্য বিহার, আসাম, ছত্তিশগড়, ঝাড়খন্ড এবং জম্মু ও কাশ্মির, ব্যাঙ্গালুরুসহ ১২টি রাজ্যের ১৪০টি আসনে শান্তিপূর্ণ ভোট হয়।
এর আগে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটে ছত্তিশগড়ে মাওবাদীরা স্থলমাইন বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ নির্বাচন কর্মকর্তাকে হত্যা করে। এছাড়াও ওইদিন মাওবাদীদের সক্রিয় রাজ্যগুলোতে সহিংসতায় ১১ পুলিশ নিহত হয়।
দ্বিতীয় পর্বে ভোটার সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ১৬ এপ্রিল প্রথম পর্বের ভোট অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের ভোটগ্রহণের সময় মাওবাদীদের হামলা ও অন্যান্য সহিংসতায় ১৮ জন নিহত হওয়ায় দ্বিতীয় পর্বের নিরাপত্তার জন্য কয়েক লাখ পুলিশ মোতায়েন করা হয়।
বিশ্ব অর্থনীতির বর্তমান মন্দার পরিস্থিতিতে ভারতে দুর্বল জোট সরকার গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের চেয়ে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জয়ের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হলেও ক্ষমতায় যেতে হলে দুই দলকেই আঞ্চলিক কোনো দলের সমর্থন পেতে হবে।
তবে বিশেষজ্ঞদের ধারণা, এ ধরনের কোনো সরকার গঠিত হলে তা স্থিতিশীল নাও হতে পারে।
এছাড়া, ছোট ছোট দল যাদের "থার্ড ফ্রন্ট'' হিসেবে দেখা হচ্ছে তাদের নিয়েও বিনিয়োগকারীরা আতঙ্কে রয়েছে। কেননা তারা প্রায়ই সরকারের কাছ থেকে সুযোগ নিয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩৮ ঘ.
bdnews24