২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবানদের বিরুদ্ধে নতুন সেনাঅভিযান শুরু

ইসলামাবাদের ১০০ কিলোমিটার উত্তরপশ্চিমে বুনার জেলায় মঙ্গলবার তালেবান যোদ্ধাদের ওপর বিমান হামলা শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এক সপ্তাহেই বুনার থেকে প্রায় ৫০০ তালেবান জঙ্গি হটানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সেনা মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

রাওয়ালপিন্ডি, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসলামাবাদের ১০০ কিলোমিটার উত্তরপশ্চিমে বুনার জেলায় মঙ্গলবার তালেবান যোদ্ধাদের ওপর বিমান হামলা শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এক সপ্তাহেই বুনার থেকে প্রায় ৫০০ তালেবান জঙ্গি হটানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সেনা মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস। এর আগে রোববার কাছাকাছি লোয়ার দির জেলায় সেনা অভিযান শুরু করে পাকিস্তান। সোয়াত উপত্যকার বাইরে তালেবানদের বিস্তার ঠেকানোই এ অভিযানের উদ্দেশ্য। রাওয়ালপিন্ডিতে আব্বাস এক সাংবাদিক সম্মেলনে বলেন, "এই অভিযানের লক্ষ্য বুনার থেকে জঙ্গিদের বিতাড়িত করা।" পাকিস্তান এর আগে তালেবানদের হুঁশিয়ার করে দিয়ে বলেছে, তারা বুনার জেলা থেকে সরে না গেলে জোরাল সেনা অভিযানের মুখে পড়বে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, "বুনারে সোমবার প্রায় ৪৫০ তালেবানের আনাগোনার খবর পাওয়া গেছে।" সাংবাদিকদের তিনি বলেন, "আমরা তাদেরকে ওই এলাকা খালি করে দিতে বলেছি। আমরা তাদেরকে ছাড়ব না।" বুনার ও সোয়াত দুটি জেলাই মালাকান্দে। সোয়াত উপত্যকায় সহিংসতা অবসানের চেষ্টায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ মাসে ইসলামিক শরিয়া আইন অনুমোদন করেছেন। কিন্তু সরকারের এই ছাড়ে উৎসাহিত হয়ে তালেবান যোদ্ধারা পাশ্ববর্তী 'বুনার' ও এর কাছাকাছি 'শাংলা' জেলা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৩ ঘ.