এডিনবার্গ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্যান অ্যাম এয়ারলাইন্সের একটি বিমানে টাইমবোমা বিস্ফোরণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লিবিয়ার সাবেক গোয়েন্দা আবদেল বাসেত আল-মাগরাহি তার দণ্ডাদেশের বিরুদ্ধে মঙ্গলবার দ্বিতীয়দফা আপিল করেছেন।
'৮৮ সালের ১৮ ডিসেম্বর টাইমবোমা বিস্ফোরণে প্যান অ্যামের বিমানটি স্কটল্যান্ডের লকারবি শহরে বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২৫৯ আরোহীর সবাই এবং লকারবি শহরের আরও ১১জন মিলিয়ে মোট ২৭০ জন নিহত হয়। আরোহীদের ১৮৯ জনই ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক। বিমানটি লন্ডন থেকে নিউ ইয়র্কে যাচ্ছিল।
এডিনবার্গের উচ্চ আদালতে পাঁচ সদস্যের বিচারক প্যানেলে মঙ্গলবার আল-মাগরাহির আপিলের শুনানি হয়। অবশ্য গুরুতর অসুস্থ থাকায় মাগরাহিকে আদালতে হাজির করা হয়নি।
প্রোস্টেট ক্যান্সারে মারাত্মক অসুস্থ ৫৬ বছর বয়সী আল-মাগরাহি গ্লাসগোর কাছে গ্রিননক কারাগারে বিশেষ ব্যবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বিবাদীপক্ষের আইনজীবী মার্গারেট স্কট জানিয়েছেন, কারাগারে "নতুন করে চিকিৎসারত" আল-মাগরাহিকে আদালতের শুনানি রিলে করে শোনানো হয়েছে।
২০০১ সালে নেদারল্যান্ডসে বসা স্কটল্যান্ডের একটি বিশেষ আদালত আল-মাগরাহিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে তার প্রথমদফা আপিল পরের বছরেই খারিজ হয়ে যায়। এরপর ২০০৭ সালে 'স্কটিশ অপরাধ মামলা পর্যালোচনা কমিশন' মামলাটিকে পুনরায় উচ্চ আদালতে পাঠায় পুনর্বিবেচনা করার জন্য। এর ফলে এ দ্বিতীয়দফা আপিলের সুযোগ পাচ্ছেন তিনি।
'লকারবি বোমা হামলা' কিংবা 'প্যান অ্যাম বোমা হামলা' হিসেবে পরিচিত এ ঘটনা সারাবিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এর ফলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ গোটা পশ্চিমা দুনিয়া এমনকি মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছ থেকেও একঘরে হয়ে পড়ে লিবিয়া। পাশাপাশি পরমাণু কর্মসূচি বন্ধ করতে বাধ্য হওয়াসহ নানা ধরনের অবরোধ নিষেধাজ্ঞারও শিকার হয় দেশটি।
২০০৩ সালে ওই বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে পশ্চিমা দুনিয়ার সঙ্গে পুনরায় স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কে ফিরে আসতে সক্ষম হয় লিবিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৮০০ ঘ.
bdnews24