জোহানেসবার্গ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানুষকে জীবনমান বাড়ানোর প্রেরণা জোগাতে ১৮ জুলাইকে বিশ্ব 'ম্যান্ডেলা দিবস' ঘোষণার প্রস্তাব দিয়েছে ম্যান্ডেলা ফাউন্ডেশন।
ফাউন্ডেশন সোমবার এক বিবৃতিতে বলেছে, "ম্যান্ডেলার জীবনকর্ম বিশ্বব্যাপী মানুষকে আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠার প্রেরণা জোগাবে, একইভাবে এই শক্তি তার চারপাশের সমাজকে মঙ্গলের দিকে ধাবিত করবে।"
বিশ্বে বর্ণবাদবিরোধী আন্দোলনের অগ্রদূত, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট, ৯০ বছর বয়সী ম্যান্ডেলার জন্মদিন ১৮ জুলাই। তার দীর্ঘ অর্ধশতাব্দীর আন্দোলনে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে।
ম্যান্ডেলা ফাউন্ডেশন এবং এইডসের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ম্যান্ডেলার প্রচারণা সংস্থা '৪৬৬৬৪' জানিয়েছে, তাদের ম্যান্ডেলা দিবসে বিশ্বব্যাপী সবাইকে চারপাশের পরিবর্তনের লক্ষ্যে ৬৭ মিনিট ব্যয় করার আহ্বান জানানো হবে । ৬৭ বছর আগে ১৯৪২ সালে মানবাধিকার আন্দোলন শুরু করেছিলেন ম্যান্ডেলা।
ম্যান্ডেলার পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, "দারিদ্রের বিরুদ্ধে লড়াই এবং শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় এ রকম একটি দিবস মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলে আমরা কৃতজ্ঞ হব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১১৫ ঘ.
bdnews24