আফগানিস্তান, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নতুন নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে সোমবার আফগানিস্তান গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। প্রতিবেশী পাকিস্তানে তালেবানদের অগ্রগতিতে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান উদ্বেগের মুখে ব্রাউন এ সফরে গেলেন।
আফগানিস্তানে অবতরণের আগ মুহূর্তে ব্রাউন বলেন, "আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার পার্বত্য সীমান্তে সন্ত্রাসের মহাসঙ্কট দেখা দিয়েছে। এই দেশগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন, কিন্ত তা অবশ্যই সম্পূরক।"
"সন্ত্রাসবাদের সূতিকাগার এই অঞ্চলকে নিয়ে আমাদের কৌশলের অর্থ হবে ব্রিটেনের রাস্তায় নিরাপত্তা জোরদার করা।"
আফগানিস্তান নিয়ে ব্রিটেন তাদের নতুন নিরপত্তা কৌশল প্রকাশ করবে আগামী বুধবার। ব্রাউন এ নিয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনা করবেন।
ব্রাউনের সঙ্গে সফররত কর্মকর্তারা জানিয়েছেন, আল কায়েদা এবং তালেবানবিরোধী যুদ্ধকে গুরুত্ব দিয়ে কিছুদিন আগে মার্কিন প্রশাসন ঘোষিত নতুন কৌশলেরই অনুরূপ হবে ব্রিটিশ কৌশল।
ওবামার কৌশলের মতো ব্রিটিশ কৌশলেও দশ হাজারের বেশি আফগান সেনা ও পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। যাতে তারা বিদেশি সেনাদের কাছ থেকে নিরাপত্তার দায়িত্ব বুঝে নিতে পারে।
ব্রিটেন চাইছে, ইরাকের মতো আফগান কর্তৃপক্ষও একে একে প্রদেশগুলোর নিরাপত্তার দায়িত্ব বিদেশি সেনাদের কাছ থেকে নিজেরা বুঝে নেবে।
তবে ওবামা আফগানিস্তানে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিলেও ব্রাউন সে পথে যাবেন বলে মনে হয় না।
আফগানিস্তানে বর্তমানে ৮ হাজার ৩০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে, যা যুক্তরাষ্ট্রের পর কোনো দেশের সর্বোচ্চ সেনা। তবে আগামী আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনের সময় নিরাপত্তা জোরদার করতে আস্থায়ী ভিত্তিতে সেখানে ৭০০ সেনা পাঠাবে বলে জানিয়েছে ব্রিটেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24