২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু নিয়ে উদ্বেগ বাড়ছে, শতাধিক মানুষের মৃত্যু

মেক্সিকোয় নতুন ধরনের সোয়াইন ফ্লু'র বিস্তারে মহামারীর আশঙ্কায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এ ফ্লুতে আক্রান্ত হয়ে মেক্সিকোয় সোমবার পর্যন্ত প্রায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণ ঠেকানো চেষ্টায় নেমেছে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার। মেক্সিকোর পর যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ডেও এ ভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

মেক্সিকো সিটি, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মেক্সিকোয় নতুন ধরনের সোয়াইন ফ্লু'র বিস্তারে মহামারীর আশঙ্কায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এ ফ্লুতে আক্রান্ত হয়ে মেক্সিকোয় সোমবার পর্যন্ত প্রায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণ ঠেকানো চেষ্টায় নেমেছে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার। মেক্সিকোর পর যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ডেও এ ভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিমান ও নৌবন্দরগুলোতে থারমাল ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করে জ্বরে আক্রান্ত লোকদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে এ ভাইরাসের সংক্রমণের খবরে দেশটির বিভিন্ন হাসপাতালে ফ্লু'র উপসর্গজনিতদের আলাদাভাবে সনাক্ত করা হচ্ছে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মেক্সিকোর বাইরে কেউ নিহত না হলেও যুক্তরাষ্ট্রে ২০টি সংক্রমণের ঘটনা ঘটেছে। এছাড়া, কানাডায়ও ছয়জন আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওদিকে, ইউরোপ, ইসরায়েল ও নিউজিল্যান্ডে এ ভাইরাস সংক্রমণ ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্লু বিস্তারের কারণে ডলারের বিপরীতে মেক্সিকান মুদ্রার পেসোর দাম কমে গেছে এবং ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শেয়ার বাজার ও তেলের দর পতন হয়েছে। বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তার ২৪ ঘণ্টার "ওয়ার রুম" কমান্ড সেন্টার চালুর সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে, ভাইরাসটির বিস্তার ঠেকাতে এক বিশেষ বৈঠকে জরুরি ভিত্তিতে এর প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে জাপানের মন্ত্রিসভা। এশিয়ার বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এই ফ্লু প্রতিরোধের যথেষ্ট ব্যবস্থা আছে বলে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছে। এশিয়ায় সার্স এবং বার্ড ফ্লু'র পর এই নতুন সোয়াইন ফ্লু নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ১৯৯৭ সালে এভিয়ান ফ্লুর পর এটাই সবচেয়ে ভয়াবহ ফ্লু। এভিয়ান ফ্লুতে কয়েকশ লোকের মৃত্যু হয়। এর আগে ১৯৬৮ সালে 'হংকং' ফ্লু মহামারী আকারে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ লোক নিহত হয়। মেক্সিকোর বাইরে আক্রান্তদের অবস্থা অতটা গুরুতর না হলেও রোববার 'জরুরি জনস্বাস্থ্য অবস্থা' জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ডব্লিএইচও এই ফ্লুকে 'আন্তর্জাতিক জরুরি জনস্বাস্থ্য উব্দেগ' ঘোষণা করে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে। ডব্লিউএইচও'র এর সতর্কতার পর বিভিন্ন দেশের বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আর্জেন্টিনা স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এবং হংকং ও জাপান অসুস্থ যাত্রীদের বিষয়ে বিশেষ সতর্কতা নিয়েছে। রোববার রাতে মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী হোসে এঞ্জেল কর ডোভা জানিয়েছেন, এ ফ্লুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৩ জন নিহত হয়েছে এবং ৪০০ জন এখনও হাসপতালে। তবে আশার কথা, আক্রান্তদের অধিকাংশই সেরে উঠছে। মানুষজনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মেক্সিকো সিটি এবং স্যান লুইস পোতোসি রাজ্যের সব স্কুল আগামী ৬ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব বার, ক্লাব, স্টেডিয়াম, সিনেমা হল, নাট্যশালা, গির্জা ও অন্যান্য উপাসানালয়সহ এ ধরনের সব সামাজিক সমাবেশস্থলে মানুষের সম্মিলন বন্ধ রাখার জন্যও আহ্বান জানিয়েছেন মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রী হোসে অ্যানজেল কর্ডোভা। মেক্সিকো সিটির মেয়র মার্সেলো এডবার্ড জানিয়েছেন আগামী কয়েকদিনে অনুষ্ঠেয় ৫৫৩টি গণ-অনুষ্ঠান বাতিল করা হয়েছে ভাইরাস সংক্রমণ ঠেকানোর প্রচেষ্টা হিসেবে। নতুন এ ভাইরাসের সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে কেননা, কারোরই এর বিরুদ্ধে সহজাত প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা নেই এবং কোনো প্রতিষেধক তৈরী করতে গেলেও প্রায় মাসখানেক সময় লেগে যেতে পারে। ডব্লিউএইচও'র মহাপরিচালক ডা মার্গারেট চেন শনিবার বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলোকে এ ধরনের ভাইরাস জনিত অসুস্থতার বিষয়ে জোরদার সতর্কতার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৩ ঘ.