কীটো, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইকুয়েডরের প্রেসিডেন্ট হিসেবে রোববার পুননির্বাচিত হয়েছেন রাফায়েল কোরেয়া।
দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ পরিচালিত দ্রুত গণনায় দেখা গেছে, প্রেসিডেন্ট কোরেয়া শতকরা ৫১ ভাগ ভোট পেয়ে তার নিকটমত প্রতিদ্বন্দ্বী থেকে ২০ পয়েন্টে এগিয়ে আছেন। ১৯৭৯ সালে ইকুয়েডর গণতন্ত্রের ধারায় ফিরে আসার পর কোরেয়াই একমাত্র প্রেসিডেন্ট যাকে মধ্যবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে হয়নি।
পুননির্বাচিত হওয়ার পর কোরেয়ার সমর্থকেরা কীটোর পার্টি সদরদপ্তরে জড়ো হয় এবং "আর একবার, ইকুয়েডর" বলে শ্লোগান দেয়।
জয়ী হওয়ার পর নিজ শহর গুয়াকীলে ইকুয়েডরের ৪০ বছর বয়সী এই প্রেসিডেন্ট বলেন, "বিপ্লব এগিয়ে চলছে, কেউ এবং কোনো কিছুই আমাদের থামাতে পারবে না।"
তিনি আরও বলেন, "জনগণ সম্ভবত গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বিপুল জয় দিয়েছে।"
তবে কোরেয়ার প্রধান বিরোধী লুসিও গুটিয়েরেজ জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না করা পর্যন্ত তিনি এ পরাজয় মেনে নেবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২৩৯ ঘ.
bdnews24