২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের অস্ত্রসমর্পণ করার আহ্বান পাকিস্তানের

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে রোবাবার সামরিক অভিযান শুরুর পর তালেবানদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক রয়টার্সকে বলেন, "অস্ত্রসমর্পণ ছাড়া চরমপন্থিদের আর কোনো পথ নেই। কেননা তাদের বিতাড়িত করতে সরকার বদ্ধপরিকর।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ইসলামাবাদ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে রোবাবার সামরিক অভিযান শুরুর পর তালেবানদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক রয়টার্সকে বলেন, "অস্ত্রসমর্পণ ছাড়া চরমপন্থিদের আর কোনো পথ নেই। কেননা তাদের বিতাড়িত করতে সরকার বদ্ধপরিকর।" সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের লোয়ার দির জেলায় সেনাবাহিনী এবং জঙ্গিদের সংঘর্ষে এক সেনাসদস্য ও এক জঙ্গি কমান্ডারসহ বহু জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী প্রায় সম্পূর্ণ লোয়ার দির এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানান মালিক। তিনি বলেন, "লোয়ার দির বা দেশের অন্য কোনো অংশে তালেবানদের শাসন কায়েম করতে আমরা দেব না।" আধাসামরিক বাহিনী 'ফ্রন্টিয়ার কোর' এর একটি বহরে জঙ্গিরা গুলি চালানোর পর সেনাবাহিনী লোয়ার দির এলাকায় অভিযান শুরু করে। জঙ্গিদের গুলিতে চার সেনা আহত হয়েছে। লোয়ার দির এলাকার প্রধান শহর টিমারগারার এক মুদিদোকানি টেলিফোনে রয়টার্সকে বলেন, "সামিরক হেলিকপ্টার থেকে পাহাড়ি এলাকায় জঙ্গিদের অবস্থানে গুলিবর্ষণ করা হচ্ছে। সেখানে তুমুল লড়াই চলছে। শহরে কারফিউ জারি করা হয়েছে। আমরা এখন একরকম গৃহবন্দি।" লোয়ার দির থেকে জঙ্গিদের এক মুখপাত্র জানিয়েছেন, সেনা অভিযান তাদের সঙ্গে সরকারের শান্তি চুক্তির লঙ্ঘন এবং তারা এর প্রতিশোধ নেবে। জঙ্গি মুখপাত্র দাদুল্লাহ মনসুর বলেন, "আমরা জানি কারা এই অভিযান চালাচ্ছে এবং তারা আমাদের হামলার শীর্ষ তালিকায় আছে। আমরা তাদের রেহাই দেব না।" এর আগে উত্তর-পশ্চিমাঞ্চলে সেনা অভিযানের আশঙ্কায় সরকার ও তালেবানদের মধ্যে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়ে বুনার জেলায় রোববার সমাবেশ করেছে হাজার হাজার অধিবাসী। তালেবানরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ায় পরমাণু শক্তিধর মুসলিম মিত্র পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। সোয়াত উপত্যকায় শরিয়া আইন চালুর পর তালেবানরা এখন সেখান থেকে পার্শ্ববর্তী বুনার উপত্যকায় প্রবেশ করেছে। তবে তালেবান কমান্ডাররা গত শুক্রবার তাদের কিছু যোদ্ধাকে বুনার থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন কর্মকর্তারা চাইছেন, শান্তি রক্ষার স্বার্থে জঙ্গিদের হাতে আরও বেশি এলাকা ছেড়ে না দিয়ে পাকস্তান কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩৫ ঘ.