বেইরুত, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার বলেছেন, তার দেশ কখনওই লেবনন বা লেবাননের জনগণকে বেচে দিয়ে সিরিয়ার সঙ্গে কোনো চুক্তি করবে না।
এক অষোষিত সফরে লেবাননে গিয়ে তিনি বহিঃশক্তির প্রভাব মুক্ত থেকে অবাধ ও মুক্তভাবে জুন মাসের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য লেবানিজদের প্রতি আহ্বান জানান।
নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে তিনঘণ্টার লেবানন সফরে দেশটির প্রেসিডেন্ট মিশেল সুলেইমানের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।
বৈরুতে প্রেসিডেন্ট সুলেইমানের সঙ্গে বৈঠকের পর হিলারি বলেন, "লেবাননের সার্বভৌমত্বকে খাটো করে এরকম কোনো কিছুই করব না আমরা।"
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র কখনোই লেবনন বা লেবাননের জনগণকে বেচে দিয়ে সিরিয়ার সঙ্গে কোনো চুক্তি করবে না।"
জুনের সাধারণ নির্বচানের মধ্য দিয়েই নির্ধারিত হবে দেশটির শাসন ক্ষমতা পশ্চিমা সমর্থিত জোট সরকারের হাতে থাকবে না-কি সিরিয়া ও ইরান সমর্থিত হিজবুল্লাহ'র নেতৃত্বাধীন জোটের হাতে যাবে।
এর আগে হিলারির এক লিখিত বিবৃতিতে বলা হয়, "লেবাননের জনগণের অবশ্যই ভয়ভীতি ও সহিংসতা ছাড়া এবং বাইরের হস্তক্ষেপমুক্ত থেকে অবাধ ও মুক্ত নির্বাচনের মাধ্যমে তাদের নিজস্ব প্রতিনিধি পছন্দ করতে পারা উচিৎ।"
"নির্বাচনের বাইরেও আমরা লেবাননে উদারনৈতিকতার প্রতি সমর্থন দিয়ে যাব এবং তারা যেসব দায়িত্বশীল প্রতিষ্ঠান গড়ে তোলায় কঠোর পরিশ্রম করছে তাদের সর্মথন দিয়ে যাব।"
তার লিখিত বিবৃতিতে আরও বলা হয়, "লেবাননের সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের অব্যাহত সমর্থন আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের অন্যতম ভিত্তি।"
হিলারির সঙ্গে সফররত সাংবাদিকদের বৈরুতে যাওয়ার সময় বিমানে আরোহী অবস্থায় ওই লিখিত বিবৃতিটি দেওয়া হয়। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সিরিয়া এবং ইরানের সঙ্গে সম্পৃক্ততায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা অবশ্যই লেবাননের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হবে না।
তিনি বলেন, "সিরীয়দের সঙ্গে আমাদের আলোচনা লেবাননের স্বাধীনতার বিনিময়ে হচ্ছে না।"
লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গেরিলা গ্র"প হিজবুল্লাহ'র প্রধান মদদদাতা সিরিয়া ও ইরান। লেবাননের পার্লামেন্ট ও সরকারে রয়েছে দেশটিতে রাজনৈতিকভাবে যথেষ্ঠ ক্ষমতাধর হিজবুল্লাহ। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে পুরোমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়েছিল দলটি।
কাকতালীয় হলেও হিলারি এমন দিনে লেবানন সফরে গেলেন যেদিন দেশটি থেকে সিরীয় সেনা প্রত্যাহারের চতুর্থ বার্ষিকী পালন করছে লেবনিজরা। ২০০৫ সালে দেশটির প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ বিক্ষোভের মুখে চার বছর আগের এইদিনে দেশটিতে ২৯ বছরের সেনা উপস্থিতির অবসান ঘটাতে বাধ্য হয় সিরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24