রিয়াদ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সৌদি আরব এ বছর পৌর নির্বাচনে নারীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার কথা বিবেচনা করছে। তবে কোনো নারীকে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে না। উর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম রোববার একথা জানিয়েছে।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানীকারক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র রাজতান্ত্রিক সৌদি আরবে ২০০৫ সালে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৩২ সালে রাজতান্ত্রিক ব্যবস্থা শুরু হওয়ার পর ওটাই ছিল দেশটির প্রথম জাতীয়ভিত্তিক নির্বাচন। শুধুমাত্র পুরুষরাই ওই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়।
পৌরসভা কাউন্সিলগুলোর অর্ধেক আসনে সরাসরি নির্বাচনে অংশ নেন পুরুষ প্রার্থীরা। বাকী অর্ধেক আসন সরকার মনোনীত প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকে। এবারও একই পদ্ধতিতে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে এবার পুরুষদের পাশাপাশি নারীরাও এ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের পৌর ও গ্রাম বিষয়ক মন্ত্রী প্রিন্স মানসুর বিন মুতেব দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের পৌর কাউন্সিলগুলোর এক সম্মেলনে নারীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে ওই ইতিবাচক মন্তব্য করেন। পাশাপশি এ বছরই পৌর কাউন্সিল নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দেন তিনি।
দেশটির উদারপন্থি পত্রিকা হিসেবে পরিচিত দৈনিক আল-ওয়াতান জানায়, ওই সম্মেলনের অন্যতম সুপারিশ ছিল নারীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া।
তবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পৌর ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার হামলার পরে সৌদি আরবের রাজনৈতিক ও ধর্মীয় সংস্কৃতির বিষয়টি আন্তর্জাতিক স
bdnews24