মেক্সিকো সিটি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মেক্সিকোয় নতুন এক ধরনের সোয়াইন ফ্লু'র বিস্তারে প্রায় ৮১ জনের মৃত্যু এবং যুক্তরাষ্ট্রে এর বিস্তারের পর প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে শনিবার সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওদিকে রোববার এ ভাইরাসের সংক্রমণ পরীক্ষা এবং বিস্তার ঠেকানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে তৎপর হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলো।
মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রেও এ ভাইরাসের সংক্রমণের খবরে দেশটির বিভিন্ন হাসপাতালে ফ্লু'র উপসর্গজনিতদের আলাদাভাবে সনাক্ত করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া, কানসাস ও টেক্সাসে ১১টি সংক্রমণের ঘটনা ঘটেছে এবং নিউ ইয়র্কের একটি স্কুলে ৮ শিশু এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন ওই শিশুরা হয়তো সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে থাকতে পারে।
মহামারী ছড়িয়ে পড়ার ডব্লিউএইচও'র সতর্কতার পর বিভিন্ন দেশের বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আর্জেন্টিনা স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এবং হংকং ও জাপান অসুস্থ্য যাত্রীদের বিষয়ে বিশেষ সতর্কতা নিয়েছে। ওদিকে, মেক্সিকো থেকে লন্ডনে যাওয়া ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটের এক কেবিন ক্রু ফ্লু এর মতো উপসর্গে ভোগায় তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার সোয়াইন ফ্লু সংক্রমণ হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণে মেক্সিকোর রাজধানী ২ কোটি লোকের আবাস মেক্সিকো সিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে এ ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর বেশিরভাগই ঘটেছে এ নগরীতেই। ওদিকে, সরকার বলেছে প্রয়োজনে সংক্রামিতদের আলাদা করে রাখার ব্যবস্থা নেওয়া হবে।
মানুষজনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মেক্সিকো সিটি এবং স্যান লুইস পোতোসি রাজ্যের সব স্কুল আগামী ৬ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব বার, ক্লাব, স্টেডিয়াম, সিনেমা হল, নাট্যশালা, গির্জা ও অন্যান্য উপাসানালয়সহ এ ধরনের সব সামাজিক সমাবেশস্থলে মানুষের সম্মিলন বন্ধ রাখার জন্যও আহ্বান জানিয়েছেন মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রী হোসে অ্যানজেল কর্ডোভা।
মেক্সিকো সিটির মেয়র মার্সেলো এডবার্ড জানিয়েছেন আগামী কয়েকদিনে অনুষ্ঠেয় ৫৫৩টি গণ-অনুষ্ঠান বাতিল করা হয়েছে ভাইরাস সংক্রমণ ঠেকানোর প্রচেষ্টা হিসেবে।
ওদিকে, স্বাস্থ্য মন্ত্রী হোসে জানিয়েছেন, সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮১ জন হতে পারে। তবে, এদের মধ্যে কমপক্ষে ২০ জনের মৃত্যুর জন্য নিশ্চিতভাবেই এ ভাইরাসটি দায়ি। তিনি আরও জানান, সোয়াইন ফ্লু সংক্রমণ হয়েছে কি না তা নিশ্চিত হতে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে জ্বর বা ভাইরাসে আক্রান্ত প্রায় ১,৩০০ জনের।
মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ কারদেরন বলেছেন, "সারা দেশ জুড়ে প্রত্যেক মিনিটে মিনিটে এ সংকট পর্যবেক্ষণ করছি আমরা।" এ রোগ সনাক্ত করা এবং প্রয়োজনে আক্রান্তদের আলাদা করার জন্য সরকারি কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ক্ষমতা দিয়েছেন কালদেরন।
মেক্সিকোয় মৃতদের বেশিরভাগেরই বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। বিশ্বজুড়ে বিগত মহামারীগুলোতে আক্রান্তদের বয়সসীমাও অনেকটা একইরকম হওয়ায় একে মহামারীর ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।
নতুন এ ভাইরাসের সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে কেননা, কারোরই এর বিরুদ্ধে সহজাত প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা নেই এবং কোনো প্রতিষেধক তৈরী করতে গেলেও প্রায় মাসখানেক সময় লেগে যেতে পারে।
ডব্লিউএইচও'র মহাপরিচালক ডা. মার্গারেট চেন শনিবার জেনেভায় একে "জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ" বলে অভিহিত করেন এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলোকে এ ধরনের ভাইরাস জনিত অসুস্থ্যতার বিষয়ে জোরদার সতর্কতার আহ্বান জানিয়েছেন।
নতুন এ ভাইরাসকে শুকর, পাখি এবং মানুষের বিভিন্ন ভাইরাসের একটি সংমিশ্রণ বলে ধারণা করা হচ্ছে। ১৯৯৭ সালে 'এভিয়ান ফ্লু' মহামারীতে কয়েকশ মানুষের মৃত্যুর পর এটা অত্যন্ত স্পর্শকাতর ও বিপজ্জনক মহামারী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ১৯৬৮ সালে 'হংকং ফ্লু' মহামারীতে বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ লোক মারা গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪৫ ঘ.
bdnews24