কলোম্বো, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে আসা ১ লাখেরও বেশি শরণার্থী সামলাতে হিমশিম খাচ্ছে শ্রীলংকা কর্তৃপক্ষ। অন্যদিকে, লড়াইয়ের কারণে ব্যাহত হচ্ছে রেডক্রসের ত্রাণ বিতরণ ও আহতদের উদ্ধারকাজ। ত্রাণ সংস্থাগুলো বৃহস্পতিবার একথা জানিয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, ৪ দিন ধরে যুদ্ধাঞ্চল থেকে সেনা-নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে আসা মানুষের ঢল কমতে শুরু করেছে। সেনারা লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র তৈরি মাটির দেয়াল ভেঙে ফেলার পর যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে এসেছে প্রায় ১ লাখ তিন হাজার মানুষ।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি জানিয়েছে, লড়াইয়ের কারণে সমুদ্রপথে আহতদের উদ্ধারকাজ এবং জাহাজে করে ত্রাণ সামগ্রী সরবরাহের কাজ বন্ধ হয়ে আছে।
রেডক্রসের মুখপাত্র সিমন স্কোরনো জেনেভায় রয়টার্সকে বলেন, "আমরা ত্রাণ সরবরাহ ও উদ্ধারকাজ চালাতে একটি নিরাপদ এলাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য দু'পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।"
যুদ্ধাঞ্চলে এখন ৫০ হাজারেরও কম লোক রয়েছে বলে জানিয়েছে রেডক্রস।জাতিসংঘের মুখপাত্র গর্ডন ওয়েসিস বলেছেন, সোমবার থেকে যুদ্ধাঞ্চল ছেড়ে এসেছে ৯০ হাজার থেকে ১ লাখ মানুষ। তাদেরকে এখন সেনা নিয়ন্ত্রিত এলাকার শরণার্থী শিবিরগুলোতে ইতোমধ্যেই ঠাঁই পাওয়া ৮০ হাজার মানুষের সঙ্গে থাকতে হবে।
ওয়েসিস বলেন, শিবিরগুলোতে এতো শরণার্থীর চাপের কারণে আগামী দিনগুলোতে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৬ ঘ.
bdnews24