ইস্তাম্বুল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে একটি কর্মকাঠামোর মধ্য দিয়ে কাজ করে যাওয়ায় রাজি হয়েছে তুরস্ক ও আর্মেনিয়া। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।
১৯৯৩ সালে তুরস্ক ও আর্মেনিয়ার মধ্যকার সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর দুই প্রতিবেশী এই প্রথম শীর্ষ পর্যায়ের আলোচনা শুরু করেছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "দুই পক্ষের মধ্যে আলোচনা এবং পারস্পরিক সমঝোতার ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে, এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে তারা একটি কর্মকাঠামো তৈরিতে রাজি হয়েছে।"
এ বিষয়ে আর্মেনিয়া সরকারের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তুর্কি অটোমন শাসনামলে জাতিগত আর্মেনিয় হত্যার ঘটনাটিকে 'গণহত্যা' হিসাবে স্বীকার করে নেওয়ার জন্য তুরস্কের প্রতি দাবি জানিয়ে আসছে আর্মেনিয়া। কিন্তু তুরস্ক ওই হত্যাযজ্ঞকে গণহত্যা বলে স্বীকার করতে নারাজ।
আর্মেনিয় হত্যার বিষয়টি নিয়ে দু'দেশের এই বিরোধ কিভাবে সমাধান করা হবে বা সীমান্ত খুলে দিতে আঙ্কারা ও ইয়েরেভেন সম্মত হয়েছে কি-না সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24