প্রিটোরিয়া, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ আফ্রিকায় বুধবারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বড় ধরনের জয় পেতে চলেছে। তবে আগাম ফলাফল থেকে দেখা যাচ্ছে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হয়তো দলটি পাবে না।
এ পর্যন্ত ৪২ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে এএনসি পেয়েছে ৬৫ শতাংশ ভোট। আর তাদের প্রধান প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা ডিএ পেয়েছে মাত্র ১৭ শতাংশ ভোট। এছাড়া নবগঠিত দল কংগ্রেস অব দ্য পিপল বা কোপে পেয়েছে আট শতাংশ ভোট।
চূড়ান্ত আনুষ্ঠানিক ফল পেতে আরও কয়েকদিন লেগে যেতে পারে। তবে এএনসির জয়ের ব্যবধান বৃহস্পতিবারের মধ্যেই পরিষ্কার হতে পারে।
বৃহস্পতিবার বিকালে জোহানেসবার্গে লাইব্রেরি গার্ডেন এলাকায় নির্বাচন জয়ের উৎসবে যোগ দেওয়ার জন্য কর্মীসমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে এএনসি।
দলের এক বিবৃতিতে বলা হয়েছে, "গত ১৫ বছরের অর্জন হিসেবে জনগণের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া গেছে। এ আনন্দ ভাগাভাগি করতে উৎসবে যোগ দেওয়ার জন্য সমমনা দক্ষিণ আফ্রিকানদের প্রতি আহ্বান জানাচ্ছে এএনসি।"
এএনসি মহাসচিব গুইদে মান্তাশি বলেন, "আমরা চূড়ান্ত বিজয় নিয়েই কথা বলছি, যা এখন আমাদের দৃষ্টির মধ্যে।"
জুমার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে রাষ্ট্রীয় কৌসুলী রায় দেওয়ার নির্বাচনের দুই সপ্তাহ আগে অভিযোগ তুলে নেয়া হয়েছে।
এএনসি'র জয়ের ফলে বিশ্ব মন্দার মুখে আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনীতির দেশটি ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে চলেছে জ্যাকব জুমার। একইসঙ্গে তার প্রেসিডেন্ট হওয়ার পথও প্রশস্ত হয়ে উঠছে।
নির্বাচনের আগে দেওয়া নানা পূর্বাভাসে বলা হয়েছিল, এএনসি থেকে বের হয়ে নেতাদের একটি অংশের গঠন করা কোপ পার্টি এই নির্বাচনে ক্ষমতাসীন দলকে কঠিন পরীক্ষায় ফেলবে। কিন্তু এ পূর্বাভাস অনেকটা ভুল প্রমাণ করে এনএনসি ভালোভাবেই জয়ের পথে রয়েছে।
তবে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানের পর এবারের নির্বাচনেই এএনসি বিরোধীদলগুলোর কাছ থেকে বড়ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এফএইচবি/২১৩০ ঘ.
bdnews24