২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি নির্যাতন: আরও তদন্তে আপত্তি না করার ইঙ্গিত ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বুশ প্রশাসনের আমলে বন্দিদের জিজ্ঞাসাবাদে সিআইএ'র কঠোর কৌশল নিয়ে আরও তদন্তে বিরোধিতা করতেই হবে এমন কোনো কথা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ওয়াশিংটন, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বুশ প্রশাসনের আমলে বন্দিদের জিজ্ঞাসাবাদে সিআইএ'র কঠোর কৌশল নিয়ে আরও তদন্তে বিরোধিতা করতেই হবে এমন কোনো কথা নেই। মঙ্গলবার জর্ডানের বাদশা আব্দুল্লাহ সঙ্গে বৈঠকের পর ওবামা বলেন, "যারা ওই সময় নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলব, সব ধরনের আইনের ব্যাখ্যা বিশ্লেষণের ভিত্তিতে অ্যাটর্নি জেনারেল এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমি আগে থেকে কিছু বলতে চাই না।" "আমি মনে করি এর সঙ্গে আরও অনেক জটিল বিষয় জড়িয়ে আছে।" ওবামা এই বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসবাদের অভিযোগে আটকদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের সঙ্গে জড়িত সিআইএ কর্মকর্তাদের বিচারে আগের অবস্থান থেকে সরে এলেন। বুধবার প্রকাশিত সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু গারিব, গুয়ানতানামো বে বন্দিশালা বা আফগানিস্তানে বন্দি নির্যাতনের ঘটনায় শুধু নিম্নপর্যায়ের সেনাদের দোষারোপ করা ঠিক হবে না, এর সঙ্গে নীতিনির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও জাড়িত ছিল। 'মার্কিন হেফাজাতে বন্দিদের ওপর আচরণের তদন্ত' শীর্ষক সিনেট কমিটির ২৬৩ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর জিজ্ঞাসাবাদ কৌশলে কোনো আপত্তি নেই- শীর্ষ কর্মকর্তার এ ধরনের বার্তা পেয়েই জিজ্ঞাসাবাদকারীরা তা প্রয়োগ করেছিল। প্রতিবেদনে বলা হয়, সামরিক কর্মকর্তারা সতর্ক করেছিলেন, গুয়ানতানামো বন্দিদের ওপর কঠোর জিজ্ঞাসাবাদ কৌশল প্রয়োগ করা হলে সমালোচনার ঝড় বইতে পারে। তা সত্ত্বেও ২০০২ সালের ২ ডিসেম্বর প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ১৫টি জিজ্ঞাসবাদ কৌশল ব্যবহারের অনুমতি দেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের কিছু নথি প্রকাশ করে ওবামা গত সপ্তাহে জানান, বন্দি নির্যাতনের দায়ে অভিযুক্ত সিআইএ কর্মকর্তাদের বিচার করা হবে না। তিনি যে চারটি নথি প্রকাশ করেন তাতে মাথা পানিতে চুবিয়ে রাখা, সপ্তাহকাল ধরে ঘুমাতে না দেওয়া, উলঙ্গ করে রাখা এবং বন্দিদের কক্ষের মধ্যে পোকমাকড় ঢুকিয়ে দেওয়াকে জিজ্ঞাসাবাদের কৌশল হিসেবে অনুমোদন দেয় বুশ প্রশাসন। নথিতে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের এই কৌশল নির্যাতনের মধ্যে পড়ে না। পূর্বসূরির অনুমোদনের যুক্তি দেখিয়ে ওবামা জানান, নির্যাতনবিরোধী আইনের আওতায় সিআইএ কর্মকর্তাদের বিচার করার ইচ্ছা তার প্রশাসনের নেই। তবে ওবামা বলেন, "নথিতে যে সমস্ত জিজ্ঞাসাবাদ কৌশলের কথা বলা হয়েছে তা আমি ইতোমধ্যে বন্ধ করেছি।" তিনি বলেন, "আমাদের গোয়েন্দা সংস্থাগুলোতে যারা বিপদের মুখে সামনের সারিতে থেকে সাহসের সঙ্গে কাজ করছেন.... তাদের অবশ্যই এই আশ্বাস দিতে হবে যেন তারা তাদের কাজ করে যেতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/এলকিউ/২০১৯ ঘ.