জোহান্সবার্গ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ আফ্রিকায় বুধবার সাধারণ নির্বাচনে ভোট দিয়েছে জনগণ। নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে পড়েছে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানের পর এবারের নির্বাচনেই এএনসি বিরোধীদলের সবচে শক্তিশালী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
বিরোধীদলগুলোর মধ্যে রয়েছে গত বছর এএনসি থেকে বের হয়ে যাওয়া একটি নতুন দল 'দ্য কংগ্রেস অব দ্য পিপল' (সিওপিই) এবং বিরোধীদল ডেমোক্রেটিক এলায়েন্স। দুর্নীতি, দারিদ্র ও অপরাধ নিয়ে জনগণের হতাশার কারণে বিরোধীদলগুলো জ্যাকব জুমার নেতৃত্বাধীন এএনসি'র জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তারপরও নির্বাচনে এএনসিই জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে। তবে দলটি সংবিধান পরিবর্তন করার ক্ষমতা কিংবা পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।
বুধবার ভোটাররা ক্ষমতাসীন দল এএনসি'র দেশ পরিচালনায় সন্তুষ্ট হয়ে নয় বরং দলটির বর্ণবাদবিরোধী সংগ্রামের প্রেরণায় উজ্জীবিত হয়ে ভোট দিয়েছে। ভোটার মার্গানেট নোকোনের উক্তি, "আমার বাবা সক্রিয়ভাবে সংগ্রামে জড়িত ছিলেন বলেই আমি এএনসি'কে ভোট দিয়েছি। কিন্তু তারা যে কাজ করেছে তাতে আমি সন্তুষ্ট নই।"
কেপটাউনে ভোট দেওয়ার পর ভোটার অ্যালেক্স সাজিওয়ার বলেন, "সরকারের কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলো মোকাবেলার চেষ্টা করার জন্য জনগণ এএনসিকে বড় ধরনের ম্যান্ডেট দেবে বলে আমি মনে করি।"
বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, বর্ণবাদ বিরোধিতার ভিত্তিতে লাখ লাখ কালো ভোটারের ভোটে জয়লাভ করা এএনসি এবারের নির্বাচনে ৬০ থেকে ৬৬ শতাংশ ভোট পেতে পারে। ২০০৪ সালে এ সংখ্যা ছিল প্রায় ৭০ শতাংশ।
এএনসি'র বিরুদ্ধে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট থাবো এমবেকির অনুগত নতুন দল 'দ্য কংগ্রেস অব দ্য পিপল' (সিওপিই)। উদীয়মান কৃষ্ণাঙ্গ মধ্যবিত্ত শ্রেণীর সমর্থন পেয়েছে দলটি। এই দলটি পরিবর্তন নিয়ে আসায় আশাবাদী বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মুমে দান্দালা।
অন্যদিকে, নতুন নেতা হেলেন জিল্লের নেতৃত্বাধীন বিরোধীদল ডেমোক্রেটিক অ্যালায়েন্সও নির্বাচনে ভালো ফল করবে বলে আশা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫০ ঘ.
bdnews24