২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবান শান্তিচুক্তি বিরোধিতা বাড়ছে

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতা অবসানের চেষ্টায় তালেবানদের সঙ্গে সরকারের শান্তিচুক্তির বিরুদ্ধে বিরোধিতা বাড়ছে। তালেবানরা গণতান্ত্রিক শাসনকে চ্যালেঞ্জ করে একের পর এক এলাকা নিজেদের কব্জায় নিতে শুরু করায় এর বিরদ্ধে সরব হয়ে উঠছে রাজনৈতিক নেতা, সমালোচকরাসহ পাকিস্তানের পত্রপত্রিকাগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ইসলামাবাদ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতা অবসানের চেষ্টায় তালেবানদের সঙ্গে সরকারের শান্তিচুক্তির বিরুদ্ধে বিরোধিতা বাড়ছে। তালেবানরা গণতান্ত্রিক শাসনকে চ্যালেঞ্জ করে একের পর এক এলাকা নিজেদের কব্জায় নিতে শুরু করায় এর বিরদ্ধে সরব হয়ে উঠছে রাজনৈতিক নেতা, সমালোচকরাসহ পাকিস্তানের পত্রপত্রিকাগুলো। শক্তি দিয়ে তালেবান তৎপরতা দমাতে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত সপ্তাহে সোয়াত উপত্যকা ও এর আশেপাশের এলাকায় তালেবানদের দাবি মেনে ইসলামিক শরিয়া আইন অনুমোদন করেন। সমালোচকরা বলেছেন, এতে করে জঙ্গিরা আরও উৎসাহিত হবে। তালেবানরা ইতোমধ্যেই একথার সত্যতা প্রমাণ করেছে। কয়েকদিনের মধ্যে তারা ইসলামাবাদের কাছাকাছি একটি নতুন জেলায় অনুপ্রবেশ করেছে। অস্ত্রসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে তারা দেশজুড়ে ইসলামিক শরিয়া আইন চালুর লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বুধবার 'ইউএসএস টুডে'র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, "তারা এখন সোয়াত এর বাইরে অন্যান্য এলাকা নিজেদের কব্জায় নেওয়ার হুমকি দিচ্ছে। কাজেই, আমাদেরকে এ পরিস্থিতি এড়াতে হবে।" তিনি বলেন, "জঙ্গিদের সঙ্গে যে কোনও চুক্তির ক্ষেত্রেই গণতন্ত্রের অধঃপতন না ঘটানো এবং সরকারের বিধি-বিধানকে সম্মন দেখানোর শর্ত জুড়ে দিতে হবে।" তালেবানদের সঙ্গে চুক্তির ঘোর বিরোধিতা করতে শুরু করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলোও। তারা তালেবানদের বিরুদ্ধে সরকারকে উঠে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তালেবানদের ধর্মগুরু সুফি মোহাম্মদের নাম উল্লেখ করে পাকিস্তানের একটি পত্রিকা শিরোনাম দিয়েছে, 'সুফি, তালেবানদের আটকাতে হবে'। 'দ্য ডন' পত্রিকা তালেবানদেরকে সন্তুষ্ট রাখার পরিবর্তে সুফি মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। সম্পাদকীয়তে ডন পত্রিকা লিখেছে, "সুফি মোহাম্মদ..... পাকিস্তানি তালেবান এবং আল কায়েদা সবাই রাষ্ট্রকে উৎখাত করতে বদ্ধপরিকর। আমাদেরকে এই হামলা ঠেকাতে হবে।" ধর্মনিরপেক্ষ জাতিগত পশতুন আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি)'র নেতৃত্বাধীন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স (এনডব্লিউএফপি) সরকার সোয়াত উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার জন্য শরিয়া আইন চালুর জন্য সরকারকে চাপ দিয়েছে। সমালোচকরা বলছেন, এএনপি তালেবানদের কাছে মাথা নত করে সোয়াতের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গত বছর সাধারন নির্বাচনে সোয়াতের জনগণ ইসলামিক দলগুলোর বিরুদ্ধে এএনপিকে সমর্থন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১০ঘ.