২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নির্বাচনে উঠে আসছে নতুন দল আর স্বতন্ত্রপ্রার্থীরা

মুম্বাইয়ের একজন ব্যাংকার মীরা সান্যাল। কিন্তু ব্যাংকের অফিস কক্ষ নয়, এখন তার সময় কাটছে মুম্বাইয়ের রাস্তার ভিড়-ভাট্টার মধ্যে পায়ে হেঁটে কোথায় কোন ট্যাপে পানি থাকে না, কোন ড্রেন ময়লা জমে ভরে গেছে এসব দেখে আর জনেজনে ভোট চেয়ে। ভারতের লোকসভা নির্বাচনে এবার তিনি একজন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

মুম্বাই, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ের একজন ব্যাংকার মীরা সান্যাল। কিন্তু ব্যাংকের অফিস কক্ষ নয়, এখন তার সময় কাটছে মুম্বাইয়ের রাস্তার ভিড়-ভাট্টার মধ্যে পায়ে হেঁটে কোথায় কোন ট্যাপে পানি থাকে না, কোন ড্রেন ময়লা জমে ভরে গেছে এসব দেখে আর জনেজনে ভোট চেয়ে। ভারতের লোকসভা নির্বাচনে এবার তিনি একজন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিবারতান্ত্রিক দলীয় রাজনীতি আর দুর্নীতিতে হতাশ শহুরে এবং মধ্যবিত্ত শ্রেণীর নতুন ভোটাররা যে ভারতের এবারের নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী এবং নতুন দলগুলোর প্রতি ঝুঁকছেন তার একটি দৃষ্টান্ত এবিএন-আম্রো ব্যাংকের এই কর্মকর্তা। মুম্বাইয়ে গত ২৬ নভেম্বরের সন্ত্রাসী হামলার পর নাগরিকদের সক্রিয় কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে ছোট ছোট এই দলগুলো এবারের নির্বাচনে দেশজুড়ে তাদের উপস্থিতি তুলে ধরার চেষ্টা করছে। তিন বছর বয়সী দল 'লোক সত্তা' পার্টি (পিপলস রুল)। তারা নির্বাচন করছে তিনটি রাজ্যে। মুম্বাইয়ে দলটির প্রধান সুরেন্দ্র শ্রীবাস্তব বলেন, "দলগুলোর উঠে আসার জন্য একটি বিশেষ মুহুর্ত প্রয়োজন ছিল, নভেম্বরের হামলা সেই কাজটি করে দিয়েছে।" মুম্বাই হামলা কর্তৃপক্ষের বিরুদ্ধে মধ্যবিত্ত শ্রেণীর ক্ষোভ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। ওই হামলার জন্য গোয়েন্দা ব্যর্থতাকেই দায়ী করা হয়। নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের ফলে তিন দশকের মধ্যে এবারই প্রথমবারের মতো শহুরে ভোটাররা আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে দলগুলো পল্লী অঞ্চলের ভোটারদের লক্ষ্য করেই নির্বাচন করে এসেছে। মীরা সান্যাল বলেন, "শহরগুলোতে সব সময়ই কম ভোট পড়ে। কারণ, সেখানে যোগ্য কোনো প্রার্থী থাকে না। দলীয় ব্যবস্থার অসারতা মানুষ বুঝতে পেরেছে।" ক্ষমতাসীন কংগ্রেস এবং প্রধান বিরোধীদল হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা দল (বিজেপি) মধ্যেই অধিকাংশ রাজ্যে মূল লড়াই হলেও শত শত ছোট দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। লোকসত্তা, জাগো পার্টি এবং লোকপরিত্রাণ এর মতো দলগুলো এবার শিক্ষার্থী, ব্যাংকার, কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। প্রফেশনাল পার্টি অব ইন্ডিয়া বা পিপিআই'র সভাপতি আরভি কৃষ্ণনন মুম্বাইতে বলেন, "মধ্যবিত্ত শ্রেণী রাজনীতিকে নোংরা বলেই মনে করে এবং রাজনীতি এড়িয়ে চলে। তবে আমাদের মধ্যে যোগ্য ও প্রতিভাবান অনেকেই আছে, তাদের উচিৎ দায়িত্ব নেয়া।" ২০০৪ সালের নির্বাচনে ২৪০০ স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে পাস করেন মাত্র পাঁচজন। এবারও তারা খুব ভাল করতে পারবে এমন আশা নেই। কিন্তু প্রধানমন্ত্রী মনমোহন সিং গত সপ্তাহে স্বতন্ত্রপ্রার্থীদের অন্যদের জয়ের পথে বাধা হিসেবে অভিহিত করায় এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে এবং জাতীয় পর্যায়ের দলগুলোর আশঙ্কা, এই বিতর্কে তাদের প্রতি অনেক ভোটারের সমর্থন কমে যাবে। দক্ষিণ মুম্বাইয়ে পিপিআই থেকে নির্বাচন করছেন একজন চিকিচৎসক। আর মীরা সান্যাল লড়ছেন, কংগ্রেসের বর্তমান সাংসদ কেন্দ্রীয় সরকারের তেলমন্ত্রীর ছেলের সঙ্গে। মুম্বাইয়ের ছয়টি আসন থেকেই নির্বাচন করছে লোকসত্তা পার্টি। তাদের নির্বাচনী প্রচারণায় নেই জাঁকজমক বা অর্থব্যায়ের প্রবণতা। গত বছর নগর কর্মকর্তা হিসেবে নির্বাচনের সময় তাদের এক প্রার্থী ব্যয় করেছিলেন মাত্র এক হাজার পাঁচশ ডলার। দলের নেতা সুরেন্দ্র শ্রীবাস্তব বলেন, "আমরা দেখতে চেয়েছিলাম অর্থ ও পেশিশক্তির সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়তে পারি কি-না এবং আমরা দেখিয়েছিলাম এটা সম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০১৩ ঘ.